২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছরে বিশ্বের ২৮টি দেশে ১৪ লাখ বেল পাট রপ্তানী হয়েছে: বস্ত্র ও পাট মন্ত্রী

চলতি ২০০৪-২০০৫ অর্থ বছরে বিশ্বের ২৮টি দেশে ১৪ লাখ বেল পাট রপ্তানি হয়েছে। এ বাবদ ৪৫০ কোটি ৪০ লাখ টাকা আয় হয়েছে। তবে ২০০৩-২০০৪ অর্থবছরে পাট রপ্তানি হয়েছিল ১৯ লাখ বেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বস্ত্র ও পাট মন্ত্রী শাহজাহান সিরাজ বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, আগামী ২০০৫-২০০৬ অর্থবছরের জন্যে দেশে ৩৬ লক্ষ বেল পাটের প্রয়োজন আছে। এর মধ্যে সরকারি পাটকলের জন্যে ১৪ দশমিক ৫ লাখ এবং বেসরকারি পাটকলের জন্যে ২১ লাখ ৪৮ হাজার বেল পাটের দরকার আছে।

অপর এক প্রশ্নের জবাবে শাহজাহান সিরাজ জানান, আদমজী জুট মিলের পরিত্যক্ত মেশিনারিজের মধ্যে ৬৫০টি মেশিন দিয়ে করিম ও রাজশাহী জুট মিলের দু টি ইউনিট স্থাপন করা হয়েছে। এতে দু হাজার দু শ শ্রমিক এবং ১২০ জন কর্মকর্তার কর্মসংস্থান হবে। এ প্রকল্প দুটি বাস্তবায়িত হলে ৩৫ কোটি টাকার ১১ হাজার ৬৯৮ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হবে।

বস্ত্র ও পাট মন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে দু হাজার ৪৩১ টি তাঁত ফ্যাক্টরি আছে। দেশীয় বস্ত্র চাহিদার ৪০ ভাগই এসব তাঁত থেকে পূরণ হয়। তিনি জানান, দেশের অচল তাঁতগুলোকে সচল করতে ৫০ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হচ্ছে।