সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য ক্ষতিপূরন দাবি করেছে ত্রিপুরা
ভারতীয় সরকার কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে সীমান্তবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ত্রিপুরা রাজ্যের সর্বদলীয় একটি প্রতিনিধি দল।
ভারতীয় সংবাদ সংস্থা নেনা জানায়, প্রতিনিধি দলটি ফসল কাটার মৌসুমে সীমান্তের কৃষকদের রক্ষারও দাবি জানিয়েছে।
ত্রিপুরার ইন্দো বাংলা সীমান্তের ৮৫৬ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া নির্মানের ফলে এলাকার সাড়ে স্তা হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের অন্যত্র অবস্থান নিতে হবে।
৮৫৬ কিলোমিটারের মধ্যে ৭৩৭ কিলোমিটার বেড়া ২০০৭ সালের মধ্যে নির্মাণ করার কথা রয়েছে। ইতিমধ্যে ২৫০ কিলোমিটার বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ২০০ কিলোমিটারের বেড়া নির্মানাধীন রয়েছে যা শিগগিরই সম্পন্ন হবে।
নেনা’র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ রাইফেলস ত্রিপুরা সীমান্তসহ শতাধিক স্থানে কাঁটাতারের বেড়া নির্মানের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। ভারত সীমান্তের ১৫০ গজের ভেতর বেড়া নির্মাণ করে ১৯৭৫ সালের ইন্দো বাংলা সীমান্ত নীতিমালা লংঘন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
