দুগ্ধ বিপ্লব কর্মসূচি সফল করতে সমবায়ীদের প্রতি মান্নান ভূঁইয়ার আহ্বান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া মিল্কভিটা গৃহীত সকল প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং সরকারের দুগ্ধ বিপ্লব কর্মসূচি সফল করে তোলার জন্য বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড’র সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী শনিবার তেজগাঁওয়ের মিল্কভিটা ভবন প্রাঙ্গনে বাংলাদেশ সমবায় ইউনিয়ন লিমিটেড’র ২৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
মিল্কভিটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম চৌধুরী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক শেখ আলতাফ আলী, মিল্ক ভিটার পরিচালক আব্দুল মালেক, মহা-ব্যবস্থাপক এসএম আনোয়ারুল হক প্রমুখ।
মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত দুগ্ধ ক্ষেত্রে শ্বেত বিপ্লবের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারলে, সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশও এ ক্ষেত্রে সফল হবে।
তিনি এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দুগ্ধ সমবায়ীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
সাধারণ সভায়, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড ২০০৪-২০০৫ অর্থ বছরের মে মাস পর্যন্ত ১১ মাসে ছয় কোটি এক লাখ টাকা নিট মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়।
মন্ত্রী আরও বলেন, দেশের অন্যতম সমস্যা হল দারিদ্র। দুগ্ধ সমবায়ের মাধ্যমে এই সমস্যা কিছুটা হলেও নিরসন হয়েছে। এ লক্ষ্যে সরকার চলতি অর্থবছরের বাজেটে সমবায়ীদের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে। এ কর্মসূচির মাধ্যমে দেশে বহুলোকের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
পাশাপাশি সমবায়ীরা দেশের আভ্যন্তরীণ দুধের চাহিদা পূরণ করেও বিভিন্ন দেশে দুধ ও দুগ্ধজাত পন্য রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে সরকারকে সাহায্য করে আসছে।
পরে মন্ত্রী শ্রেষ্ঠ দুগ্ধ সমবায়ীদের মাঝে পুরস্কার এবং শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশের সার্টিফিকেট বিতরণ করেন।
