সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে ডিজির নিকত্মায়ীয়ের পদোন্নতির অভিযোগ
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কর্মকর্তা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও)কে ডিঙিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ভায়রাকে থানা স্বাস্থ্য প্রশাসক (টিএইচএ) পদে পদোন্নতি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আব্দুর রহমান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে তার ভায়রার পদোন্নতি দেওয়ার বিষয় অস্বীকার করে বলেন, কাটিয়াদী থানার আগের স্বাস্থ্য প্রশাসক এ কর্মস্থলে চার বছর থাকার পর তাকে অন্যত্র বদলী করা হয়েছে । তার স্থলে ডা. আবুল হাসিমকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বিডিনিউজ কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সম্প্রতি কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. কামরুল ইসলামকে বদলি করে তার স্থলে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বকনিষ্ঠ মেডিকেল অফিসার স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির ভায়রা ডা. আবুল হাসিমকে পদোন্নতি দিয়ে টিএইচএ করা হয়।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইজউদ্দিন কবির বিডিনিউজ’র কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের পদোন্নতি নিয়ম বর্হিভূত। পদোন্নতি প্রাপ্ত ডা. আবুল হাসিম স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির আব্দুর রহমানের ভায়রা।
কিশোরগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আজহারুল ইসলাম বলেন, জুনিয়র কর্মকর্তা ডা. আবুল হাসিমকে এ ধরনের পদোন্নতি দেওয়ায় অনিয়ম হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকতা-কর্মচারিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
