আদালতের আদেশ অমান্য করায় বিমান কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট
বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমানসহ ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্ট রোববার আদালত অবমাননার দায়ে রুল জারি করেছেন।
ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অমান্য করায় কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে ওই কর্মকর্তাদের তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ বিমানের এয়ারবাস-৩১০ এর প্রধান সিনিয়র কর্মকর্তা মিজানুর রহমানের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা এর আগে জারি করা আদালতের আদেশ অমান্য করেছেন।
অভিযুক্ত অন্য কর্মকর্তারা হলেন আব্দুস সালাম (পরিচালক, প্রশাসন), ক্যাপ্টেন কামাল মাহমুদ (পরিচালক, ফ্লাইং অপারেশন), ক্যাপ্টেন কবিরুল আলম (কর্মসূচি ও পরিকল্পনা প্রধান), ক্যাপ্টেন একরামুল আহমেদ (কর্মসূচি ও পরিকল্পনা উপ-প্রধান) এবং ক্যাপ্টেন এসএম হেলাল (বিমানের এয়ারবাস-৩১০ ফ্লাইট পরিচালনা বিভাগ)।
এর আগে আদালত আবেদনকারী মিজানুর রহমানকে তার বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত না করার জন্যে অভিযুক্তদের আদেশ দিয়েছিলেন। কিন্তু তারা হাইকোর্টের এ আদেশ মেনে চলেননি।
অ্যাডভোকেট আলী মোস্তফা খানের সহযোগিতায় ব্যারিস্টার একেএম নজরুল ইসলাম আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন।
