২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যদের যেকোন অপরাধের বিচার করতে ‘র‌্যাব বিধিমালা-২০০৫’ চূড়ান্ত

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের যে কোন অপরাধের দ্রুত ও কার্যকরভাবে বিচার নিশ্চিত করার জন্য র‌্যাব বিধিমালা-২০০৫ চূড়ান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত র‌্যাব বিধিমালা প্রণয়ন সংক্রান্ত এক সভায় এই বিধিমালা চূড়ান্ত করা হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ‘আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯’ এবং ‘র‌্যাব বিধিমালা-২০০৫’ এর আওতায় এলিট ফোর্স সদস্যদের গুরুতর অপরাধের বিচার করতে একটি বিশেষ আদালত ও একটি দ্রুত বিচার আদালত গঠন করা হবে।

বিশেষ আদালতের মাধ্যমে গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিু শাস্তি ৭ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন এই বিধিমালায়।

অন্যদিকে, দ্রুত বিচার আদালতের মাধ্যমে কোনও অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ৩ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

তবে উভয় ক্ষেত্রেই অভিযুক্ত ব্যক্তি ৩০ দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করতে পারবেন।

উভয় আদালতের বিচারকাজ চালানোর জন্য পুলিশ কর্মকর্তাদের থেকে দু’জন বিচারক দায়িত্ব পালনের বিধান রাখা হয়েছে।

এসপি পর্যায়ের কর্মকর্তা অভিযুক্ত হলে বিশেষ আদালতে বিচার কার্য চালাবেন একজন এডিশন্যাল আইজিপি, সদস্য হিসেবে থাকবেন ডিআইজি পর্যায়ের কর্মকর্তা। এএসপি অভিযুক্ত হলে বিচারক হবেন ডিআইজি সদস্য থাকবেন এসপি। পরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা অভিযুক্ত হলে সে ক্ষেত্রে কোর্টে বিচারকের দায়িত্ব পালন করবে ডিআইজি ও সদস্য হিসেবে থাকবেন একজন এএসপি। সাব ইন্সপেক্টর ও সিপাই পর্যায়ের কেউ অভিযুক্ত হলে বিচারক থাকবেন ব্যাটেলিয়ান কমান্ডার এবং সদস্য হিসেবে থাকবেন একজন পরিদর্শক পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা।

র‌্যাব বিধিমালায় অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের জন্য বিভাগীয় কার্যধারা অনুসরণপূর্বক লঘুদণ্ড ও গুরুদণ্ড প্রদানের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামী এক মাসের মধ্যে এই খসড়া বিধিমালা কার্যকর করার ব্যাপারেও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, বাংলাদেশ রাইফেলস এবং আনসার ও ভিডিপি’র মহাপরিচালকগণ, মহাপুলিশ পরিদর্শক, র‌্যাব’র মহাপরিচালক, কোষ্টগার্ড’র মহাপরিচালক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।