প্রতিবাদের জন্য হরতাল একটি ভুল পন্থা: ডব্লিউএফপি’র বাংলাদেশ প্রতিনিধি
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি’র বাংলাদেশ প্রতিনিধি ডগলাস ক্যাসন কোটস বলেছেন, হরতাল চরম দরিদ্র্য জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারে না।
বিডিনিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডগলাস বলেন, আমি কখনোই হরতাল সমর্থন করি না। আমি মনে করি করি না এতে কারো লাভ হয়। হরতালের কারণে গ্রামের দরিদ্র শেণীর মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
সাধারণ জনগণ ও অর্থনীতির ওপর হরতালের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করে তিনি বলেন, প্রতিবাদের জন্য এটি একটি ভুল পন্থা। এর কারণে গ্রাম, শহর ও বস্তির দারিদ্র্য সীমার নিচে এবং কাছাকাছি বসবাসকারী লোকজন মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেননা তারা দিন আনে দিন খায়।
হরতালের ওপর ইউএনডিপি’র প্রকাশিত প্রতিবেদনের প্রশংসা করে তিনি বলেন, আমি মনে করি এটা খুব ভালো একটি প্রতিবেদন। ইউএনডিপি ভালোভাবেই তার দায়িত্ব পালন করছে।
এ বছর ১০ মার্চ হরতালের ওপর প্রকাশিত ইউএনডিপি’র প্রতিবেদনে বলা হয়, ৯০ এর দশকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতাল পালিত হওয়ায় বাংলাদেশের জিডিপি তিন বা চার শতাংশ কমে যায়।
‘বিয়ন্ড হরতাল: টুয়োর্ডস ডেমোক্রাটিক ডায়ালগ ইন বাংলাদেশ’ শীর্ষক ওই প্রতিবেদনে দেশের অর্থনীতি ও সমাজের ওপর হরতালের প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করা হয়। একই সাথে হরতাল বন্ধের উপায় খুঁজে বের করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
হরতালের বিকল্প কি হতে পারে সে ব্যাপারে ডগলাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলকেই ‘গিভ এ্যাণ্ড টেক’ গণতান্ত্রিক নীতি অবলম্বন করা উচিত।
জাতিসংঘের অন্যান্য সংস্থার মতে, দেশের প্রায় ৩৭ থেকে ৫৫ ভাগ লোক এখনো দারিদ্রসীমার নিচে বসবাস করছে এবং বাংলাদেশের অপুষ্টির হার বিশ্বের সবচেয়ে বেশি।
পাঁচ বছরের কম বয়সী প্রায় ৫০ শতাংশ শিশু অপুষ্টির র্শিকার এবং বয়সের তুলনায় তাদের ওজন কম। তাছাড়া মহিলাদের অপুষ্টিতে ভোগা দীর্ঘদিন ধরেই একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মায়েদের শতকরা ৪৫ দশমিক ৫ ভাগই অপুষ্টিতে ভুগছে।
বাংলাদেশের চরম দারিদ্র্যদশা সম্পর্কে ডগলাস বলেন, জনগণের প্রয়োজনের তুলনায় এখানে সম্পদ অনেক কম।
দেশের দারিদ্র্য সীমার বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক গ্রামের লোকজনেরই চিকিৎসা ও শিক্ষাসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণে কোনো সুযোগ নেই।
ডগলাস বলেন, অবস্থার উন্নতি হচ্ছে। তবে এক্ষেত্রে আরও সময় লাগবে। এজন্য দেশের অর্থনীতিকে গতিশীল করতে হবে। তিনি আরও বলেন, দারিদ্য্র রেখা থেকে বের হয়ে আসার জন্য সরকারের উচিত দরিদ্র জনগণকে আরও বেশি সুযোগ দেয়া এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা।
পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশের জন্য সংস্থাটির গৃহীত নতুন কর্মসূচি নকশার কথা উল্লেখ করে তিনি বলেন, আসন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনায় তেমন কোনো পরিবর্তন আসবে না। চলমান কর্মসূচি পর্যালোচনা করে আসন্ন পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে তিনি জানান।
বিশ্ব খাদ্য সংস্থা বর্তমানে খাদ্যের নিশ্চিয়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারী পুরুষ বৈষম্য দূরীকরণসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করছে।
পার্বত্য চট্টগ্রামে ডব্লিউএফপি’র চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে ডগলাস বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে আছি এবং থাকব। পার্বত্য চট্টগ্রাম ছাড়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।
