২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে র‌্যাব-বিডিআর যৌথ অভিযান, গ্রেনেড উদ্ধার, সন্দেহভাজনদের গ্রেফতার

সীমান্ত এলাকার পাঁচটি জেলায় এলিট ফোর্স র‌্যাব ও আধা সামরিক বাহিনী বিডিআর শুক্রবার ভোরে আকস্মিকভাবে চিরুণি অভিযান পরিচালনা করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এ অভিযানে একাধিক গ্রেনেড উদ্ধার এবং কয়েকজন সন্দেহভাজন সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৩টায় শুরু হওয়া এ যৌথ অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) ছয়টি ব্যাটালিয়নের প্রায় ৫০০ এবং বিডিআরের ১০০ জন সদস্য অংশ নেয়। অস্ত্র চোরাচালানীদের আস্তানায় কয়েক ঘন্টাব্যাপি ওই অভিযান চলে।

যৌথ বাহিনী সিলেট, হবিগঞ্জ, রাজশাহী, যশোর ও শেরপুরের সীমান্ত এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসী, অস্ত্র চোরাচালানী ও অস্ত্রবাজদের আস্তানায় অভিযান চালায়। একই সাথে ঝিনাইগাতি, চুনারুঘাট, কমলগঞ্জ ও কুরাইল এলাকাতেও অভিযান চলে।

র‌্যাব সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চালানো হয়। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে: কর্ণেল গুলজার এ অভিযানের তত্বাবধান করেন।

সূত্র জানায়, প্রায় দু’মাস ধরে র‌্যাব গোয়েন্দারা সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানের ব্যাপারে তথ্য সংগ্রহ করে।