আততায়ীর গুলিতে মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. খোরশেদ আলম বাচ্চু নিহত
ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু মঙ্গলবার সকালে তেজগাঁও এলাকায় অজ্ঞাত ঘাতকের গুলিতে নিহত হয়েছেন।
এ হত্যাকান্ডের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ বুধবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
আওয়ামী লীগ নেতা হত্যাকান্ডের প্রতিবাদে দলের শত শত নেতাকর্মী ও সমর্থকরা ফার্মগেট এলাকায় অবস্থান নেয় এবং সরকারের বিরুদ্ধে শ্লেগান দিয়ে মিছিল করে।
বিক্ষুব্ধ জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশের জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দাঙ্গাপুলিশ লাঠিচার্য করে জনতাকে ছত্রভঙ্গ করে। এসময় বিভিন্ন রুটে যাতায়াতকারী মানুষ দীর্ঘ ভোগান্তির শিকার হয়।
এদিকে নিহত খোরশেদ আলমের সহকর্মীরা এই হত্যাকান্ডের প্রতিবাদে সারা দিনের কর্মবিরতি এবং জজ কোর্টের সব কাজকর্ম স্থগিত ঘোষণা করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তেজগাঁও থানায় নিহতের মরদেহ দেখতে যান। তিনি এ হত্যাকাণ্ডের জন্যে সরকারকে দায়ী করেন।
তিনি বলেন, সরকার সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক হত্যা করছে।
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেয়া হলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতৃত্বে সেখানে মিছিল বের করা হয়। এসময় তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান।
পুলিশ ও প্রথ্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টায় বাসা থেকে বেরিয়ে রিকশা যোগে বাসস্ট্যান্ড যাওয়ার পথে পাঁচ ছয় জন অজ্ঞাত ঘাতক তাকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি করে। এসময় খোরশেদ আলমের মাথা, বুক, পেট ও শরীরের অন্যান্য স্থানে মোট নয়টি গুলি বিদ্ধ হয়। গুলি করে ঘাতকরা হেঁটে চলে যায় কিন্তু তাদের ধরতে কেউ সাহস পায়নি।
খোরশেদ আলম মরহুম শরাফত আলীর চার সন্তানের মধ্যে দ্বিতীয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
