নারায়নগঞ্জে রাজন হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন
নারায়নগঞ্জে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ফাঁসির আদেশপ্রাপ্ত মানিক, নাদিম, হীরা, আসলাম, হান্নান ও যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত সুজন ২০০৪ সালের ১ আগস্ট রাজনকে রেলি বাগান এলাকা থেকে অপহরণ করে। পরবর্তীতে তাকে শহরের ডিআইটি এলাকার একটি ঘরে নিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর তার লাশ ছয় খন্ডে খন্ডিত করে একটি বস্তায় ভরে নারায়নগঞ্জ চারুকলা ইন্সটিটিউট সংলগ্ন ডোবায় ফেলে রাখে। হত্যাকান্ডের ১১ দিন পর পুলিশ রাজনের গলিত লাশ উদ্ধার করে। এর আড়াই মাস পর পুলিশ নাদিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাদিম প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
