২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গলাচিপায় লঞ্চডুবি: এখন পর্যন্ত মোট ৪৬ জনের লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপার বুড়া গৌরাঙ্গ নদীতে রোববার সকালের লঞ্চডুবিতে এখন পর্যন্ত মোট ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 10:28 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

উদ্ধারকারী জাহাজ হামজা সোমবার বিকেল ৫টায় কাজ শুরু করে এখন পর্যন্ত ৩১ টি লাশ উদ্ধার করেছে। এ নিয়ে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা দাঁড়ালো ৪৬-এ এবং তাদের মধ্যে ১৬ জনের পরিচয় পাওয়া গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে।

পুলিশ, উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজনের উদ্ধার করা মৃতদেহের মধ্যে এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলো, আসমা (২), দিলারা (৩০), হাবিব (৩), জয়ফুল (৫০), আলতাফ (৩০), জিহাদ (১), তামান্না ( ৬), যুথী (৭), জাহানুর বেগম (৫০), জহুরা বেগম (৫০), রুনু (৩৫) এবং তার দুই সন্তান, মাধুরী রাণী (৪০), শাকিল (৬), মালেকা বেগম (৩৬), রুবেল (৩০) এবং টিটন (২৮)।

সূত্র জানায়, উদ্ধারকারী জাহাজ হামজা সোমবার বেলা ১টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছলেও বিরূপ আবহাওয়ার কারণে তাদের কাজ শুরু করতে দেরি হয়। উদ্ধার কাজে বিলম্ব হওয়ায় বিক্ষুদ্ধ জনতা হামজা আক্রমণ করতে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় তিন পুলিশ কনস্টেবলসহ ১০ জন আহত হয়।

এছাড়া ত্রাণ ও পুনর্বাসনের জন্য শুরু হয়েছে নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রনণয়নের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগেও ১৯৯০ ও ১৯৯৪ সালে এই লঞ্চটি দুদফায় ডুবে গিয়েছিলো।

স্থানীয়দের মতে, যেখানে লঞ্চটি ডুবে গেছে, তার গভীরতা প্রায় ৫০ ফুট। নিখোঁজ যাত্রীদের আত্মীয়-স্বজনরা এখনও নদীর তীরে ভিড় করছেন।

অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব পটুয়াখালী ২০০ জন যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে সোমবার ভোর ৫ টায় চরমনতাজ এর উদ্দেশে ছেড়ে যায়। পথে চরকাজলা থেকে তিন কিলোমিটার দূরে সকাল ১১ টার দিকে লঞ্চটি ডুবে যায়।