২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলে চিংড়ি শিল্প হুমকির মুখে

উপযুক্ত প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানের অভাবে কৃষকরা চিংড়ির মান নিয়ন্ত্রণ ও উন্নত উৎপাদন পদ্ধতি প্রয়োগ করতে পারছে না বলে দক্ষিণাঞ্চলে সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্প এখন হুমকির মুখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সূত্র জানায়, ভাইরাস সংক্রমন ও পানির সঠিক মান নিয়ন্ত্রণ করতে না পারায় গত তিন বছর ধরে এই এলাকার চিংড়ি চাষীরা বিশাল আর্থিক ক্ষতির শিকার হয়েছে। এ অবস্থায় চিংড়ির রোগ নিয়ন্ত্রণ ও খাদ্য শৃঙ্খলে এন্টিবায়োটিকস সনাক্তকরনের জন্য দক্ষিণাঞ্চলে আধুনিক গবেষণাগার স্থাপন করা জরুরী হয়ে পড়েছে। চিংড়ি শিল্প উন্নয়ন ও রপ্তানির ক্ষেত্রে সরকারীভাবে সুনির্দিষ্ট কোন নীতিমালা না থাকায় সম্ভাবনাময় এই শিল্পটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বৈদেশিক বাজারে বাংলাদেশের চিংড়ির ভালো চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদনশীলতা বাড়াতে না পারায় এবং চিংড়ির মান নিয়ন্ত্রণে নীতির অভাবে চিংড়ি চাষীরা তেমন লাভবান হচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামী দশ বছরে এদেশে চিংড়ি শিল্পের অস্তিত্ব থাকবেনা বলে চিংড়ি শিল্প গবেষণাকারী একাধিক প্রতিষ্ঠান মন্তব্য করেছে।

বাংলাদেশের হিমায়িত খাদ্য রপ্তানিকারক এসোসিয়েশন সূত্রে জানা যায়, ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ নাইট্রো ফিউরেন পাওয়ার অভিযোগে রপ্তানিকৃত চিংড়ির ১১টি চালান ফেরত এসেছে। এছাড়া ভাইরাসের আক্রমণ ও রপ্তানিতে অনৈতিকতার কারণে বহু আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে আসা চিংড়ির ওপর আস্থা রাখতে পারছে না বলে জানা গেছে। ফলে বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে গড়ে উঠছে নেতিবাচক ধারনা।

সংশ্লিষ্টরা বলছেন, চিংড়ির উৎপাদন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত বিভিন্ন ধাপে সুনির্দিষ্ট ও সমন্বিত কোন সরকারী নীতিমালা না থাকায় এই নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পরিস্থিতির ভয়াবহতা উপলদ্ধি করে বেসরকারী উদ্যোগে চিংড়ি শিল্পের সকল সেক্টরকে সংঘবদ্ধ করার চেষ্টা চলছে। চিংড়ি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড, শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাগেরহাট জেলা চিংড়ি চাষী সমবায় সমিতি লিমিটেড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তবে সরকার পক্ষের অংশগ্রহণ না থাকায় এই উদ্যোগ মাঠ পর্যায়ের কৃষকদের মাঝে প্রভাব ফেলতে পারছে না।

উল্লেখ্য, বাগেরহাট জেলার প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে গলদা ও বাগদা চিংড়ির চাষ হচ্ছে। জেলার প্রায় ৫০ হাজার চাষী সরাসরি এবং ৪০ হাজার মানুষ চিংড়ি শিল্পের বিভিন্ন ধাপের সাথে সম্পৃক্ত রয়েছেন। প্রতি বছর বাগেরহাটে প্রায় ৮ শ কোটি টাকার চিংড়ি উৎপাদিত হয়, যা দেশের মোট চিংড়ি উৎপাদনের শতকরা ৩০ ভাগ।

জাতীয় চিংড়ি চাষী সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ ইলিয়াস মাহমুদ বিডিনিউজকে জানান, ‘সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে কোন শিল্পই বেশি দিন টেকে না। চিংড়ি শিল্প রক্ষার্থে প্রয়োজন সঠিক নীতিমালা। বাংলাদেশে প্রায় ১.৫০ লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়। অথচ এ চাষের জন্য সরকারীভাবে কোন নীতিমালা প্রণয়ন করা হয়নি। তাছাড়া ভাইরাস এবং খাদ্যমান ইত্যাদি পরীক্ষার জন্য নেই কোন গবেষণাগার। ফলে উৎপাদিত চিংড়ি প্রক্রিয়াজাত ও রপ্তানি হবার পরও ফেরত আনতে হয়। আর্থিক লোকসানের কারণে এ শিল্পের উদ্যোক্তরা উৎসাহ হারাচ্ছে।”

জানা গেছে, চিংড়ি উৎপাদনে আধুনিক প্রযুক্তি বাড়াতে এবং মান নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্প্রতি ইউএসএআইডি‘র অর্থায়নে এগ্রোবেইজড টেকনোলজি ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এটিডিপি) আওতায় চিংড়ি চাষীদের প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে শ্রিম্প সিল অব কোয়ালিটি (এসএসওকিউ) নামে একটি প্রতিষ্ঠান হয়েছে। এসএসওকিউ‘র বিশেষজ্ঞরা বর্তমানে খুলনা অঞ্চলের চাষীদের নিয়ে কাজ করছেন।

চিংড়ি চাষীরা বিডিনিউজকে জানায়, নতুন এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফলন পাওয়া গেলেও উৎপাদন ব্যয় কয়েকগুন বেড়ে গেছে। এই পদ্ধতিতে চাষের জন্য খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে এই খাদ্য উৎপাদন করতে পারলে অর্ধেক মূল্যে তা বিক্রি করা সম্ভব হতো বলে চাষীরা জানায়।

এদিকে, চিংড়ি গবেষকরা বলছেন, শুধু উন্নত পদ্ধতিই চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। চিংড়ির রোগ সনাক্তকরণ ও খাদ্য শৃঙ্খলে এন্টিবায়োটিকস চিহ্নিত করতে আধুনিক ল্যাবরেটরী স্থাপন, চিংড়ি শিল্পে আন্তর্জাতিক মান ঠিক রাখার জন্য পরিদর্শক নিয়োগ, তাদের মাধ্যমে হ্যাচারী, খামার, বরফ কল, গুদাম ও প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন, এবং চিংড়ি চাষী, শ্রমিক ও অন্যান্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি এই শিল্পের সাথে জড়িতদের মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে আন্তর্জাতিক নীতিমালার কঠোর বাস্তবায়ন প্রয়োজন বলে তারা মনে করেন।