২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মানবাধিকার সাংবাদিক পরিষদের বিক্ষোভ

দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার, সাংবাদিক জিয়া ও মোজাম্মেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীরের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে শনিবার সকালে ‘মানবাধিকার সাংবাদিক পরিষদ’ আয়োজিত এক সমাবেশে সাংবাদিকরা বিক্ষোভ প্রদর্শন করে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সূত্র জানায়, মানবাধিকার সাংবাদিক পরিষদ, রাজশাহীর আহবায়ক জাহাঙ্গীর আলম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক নতুন প্রভাত সম্পাদক সরদার আবদুর রহমান, দৈনিক সানশাইন’র মহা-ব্যবস্থাপক নূরুল হক, দৈনিক সোনালী সংবাদ’র চিফ রিপোর্টার ও রাজশাহী প্রেসকাবের সহ-সভাপতি আনোয়ারুল আলম ফটিক, মেট্রোপলিটন প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী গিয়াস, রাজশাহী সংবাদপত্র কর্মচারি পরিরষদের সাধারণ সম্পাদক আবুল বাশার, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য পরিতোষ আদিত্য, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত ও অপরাধীর বিচার হচ্ছে না। ফলে সাংবাদিক হত্যা-নির্যাতন বেড়েই চলেছে।

বক্তারা অবিলম্বে দৈনিক নতুন প্রভাত’র স্টাফ রিপোর্টার জিয়াউল হক জিয়াকে পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে মেট্রোপলিটন প্রেসক্লাবে ঢুকে নির্যাতন, দৈনিক ইত্তেফাক’র লালপুর সংবাদদাতা অধ্যাপক মোজাম্মেল হকের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিসহ ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীরের নামে ২০০৩ সালের ১ নভেম্বর দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

এসময় সাংবাদিকরা হামলাকারীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের অবহেলার সমালোচনা করেন।

সূত্র জানায়, সমাবেশ শেষে ‘মানবাধিকার সাংবাদিক পরিষদ‘ সকাল ১০টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।