২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে বুয়েট প্রিপেইড মিটারের এসেম্বলিং কাজ শুরু করবে

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানীর (ডেসকো) জন্য বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) রোববার নিজস্ব প্রযুক্তিতে প্রিপেইড মিটারের এসেম্বলিং কাজ শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

সিস্টেম লসের নামে বিদ্যুতের চুরি ঠেকানোর উদ্দেশ্যে ডেসকোর পাইলট প্রজেক্টের আওতায় ৪৫ মিলিয়ন টাকা ব্যয়ে বুয়েট প্রাথমিকভাবে পাঁচ হাজার মিটার এসেম্বল করবে।

গত মাসে নির্ধারিত ১৭ ভাগের বিপরীতে ডেসকোর সিস্টেম লসের পরিমাণ ছিল ১৫ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) ছিল ২৪ শতাংশ।

ডেসকো কর্মকর্তারা জানান, আগামী মাসে তারা উত্তরার ৪ ও ৬ নং সেক্টরের গ্রাহকদের মধ্যে মিটার বিতরণ শুরু করবে। মোট তিনটি ধাপে মিটার বিতরণ করা হবে। প্রথম ধাপে ৫০০, দ্বিতীয় ধাপে ১৫০০ এবং তৃতীয় ধাপে তিন হাজার মিটার বিতরণ করা হবে। ডেসকোর একজন সিনিয়র কর্মকর্তা জানান, পাইলট প্রজেক্টের আওতায় গ্রাহকদের জন্য বিনামুল্যে মিটার স্থাপন করা হবে।

প্রতিটি মিটারের উৎপাদন খরচ পড়বে ৯ হাজার পাঁচ শ’ টাকা।

কর্মকর্তারা জানান, প্রকল্পটি সফল হলে ডেসকো এর আওতাধীন এলাকাগুলোতে প্রি পেইড মিটার ব্যবস্থা চালু করবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ রোববার দুপুরে বুয়েটের আবিষ্কৃত প্রিপেইড মিটারের এসেম্বলিং কার্যক্রমের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী মুর্তজা উপস্থিত থাকবেন।