২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএ'র সংস্কার হচ্ছে, বাড়ছে জনবল

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি হতে যাচ্ছে। পরিবহন খাতে রাজস্ব আয় ও দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মন্ত্রণালয় সূত্র জানায়, যোগাযোগ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবনা এরইমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অনুমোদিত প্রস্তাব বাস্তবায়িত হলে  বিআরটিএ’র কাঠামোগত পরিবর্তন হবে। বিআরটিএ’র জনবলও হবে দ্বিগুণেরও বেশি।

১৯৮৭ সালে বিআরটিএ’র প্রতিষ্ঠা হয়। এরপর থেকে সংস্থাটিতে জনবল বৃদ্ধি এবং কাঠামোগত কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে কর্মকর্তা কর্মচারির সংখ্যা ৩১০ জন। সে সময় সারাদেশে বিআরটিএ’র অনুমোদিত মোট গাড়ির সংখ্যা ছিলো মাত্র এক লাখ ৭৫ হাজার। এ খাত থেকে সরকারের রাজস্ব আয় ছিলো ১৮ কোটি টাকা।

জানা যায়, ২০০৩ সালে বিআরটিএ’র অনুমোদিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে সাত লাখ ৩৮ হাজারে উন্নীত হয়। এ সময়ে রাজস্ব আদায় হয় ২২৩ কোটি টাকা।

রাজস্ব আদায় বৃদ্ধি ও যানবাহনের সংখ্যা বাড়লেও সংস্থাটির জনবল বৃদ্ধি এবং সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হয়নি। ফলে ওই নামমাত্র লোকবল দিয়ে কাজ চালিয়ে যেতে কর্তৃপক্ষকে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়।

এ অবস্থায় যোগাযোগ মন্ত্রণালয় সংস্থাটির জনবল কাঠামো সংস্কার ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। প্রস্তাবনায় আরও ৩৩৭টি নতুন পদ সৃষ্টির কথা বলা হয়। এতে ছয়টি বিভাগীয় কার্যালয়, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজিপুর এবং চট্টগ্রাম মহানগরীসহ ৩৮টি জেলায় নতুন অফিস করার কথা বলা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, ওই সংস্কারের ফলে বিআরটিএ’র কর্মদক্ষতা আরও বাড়বে। একই সঙ্গে বাড়বে সরকারের রাজস্ব আয়।