ইউএসএইড ও এশিয়া ফাউন্ডেশন ইমামদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে
ইউএস এজেন্সি ফর ইন্টারনেশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) ও এশিয়া ফাউন্ডেশন জাতীয় উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ বাড়াতে ইমামদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
ইউএসএইড ঢাকা মিশনের পরিচালক জিনি জর্জ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, উন্নয়ন সংক্রান্ত বিষয়ে জনসচেতনা বাড়ানোর লক্ষ্যে ইমামদের অংশগ্রহণে সক্ষম করতে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
ইউএসএইডের অংশীদার সংস্থাগুলো এবং ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হবে।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় গণতন্ত্র, মানবাধিকার, স্থানীয় সরকার, পাচার রোধ, পারিবারিক স্বাস্থ্য, কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন, পল্লী বিদ্যুতায়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিশুশিক্ষা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ কর্মসূচির আওতায় আগামী আঠারো মাসে ৪ হাজার ৮ শ’ ইমাম তিন দিনের ওরিয়েন্টেশন সেশনে অংশ নেবেন। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে এশিয়া ফাউন্ডেশনের কিম ম্যাকওয়ে এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক এম নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
