টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় নিহতদের লাশ গাইবান্ধায় স্বজনদের কাছে হস্তান্তর
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ বুধবার জেলা গাইবান্ধা প্রশাসনের পক্ষ থেকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরে এস এম হাইস্কুল মাঠে লাশ গ্রহনকালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। জেলা প্রশাসনের ত্রান ভান্ডার থেকে লাশের দাফন-কাফন সম্পন্ন করতে প্রত্যেককে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
মঙ্গলবার রাতেই নিহত ২০ জনের লাশ গাইবান্ধা পুলিশ সুপারের একটি ট্রাকযোগে পাঠানো হয়। এদের মধ্যে ১৯ জনের পরিচয় পাওয়া গেছে। একটি মৃতদেহের পরিচয় পাওয়া না যাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলাম গাইবান্ধা শাখার কাছে হস্তান্তর করা হয়।
এদিকে দুর্ঘটনায় আহতদের আরও তিনজন মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয় বলে হাসপাতাল সুত্র জানায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ এ।
মঙ্গলবার গাইবান্ধার নলডাঙ্গা থেকে রূপালী পরিবহন নামে ঢাকাগামী একটি বাস টাঙ্গাইলের কালিহাতিতে একটি ব্রিজের রেলিং ভেঙ্গে প্রায় ১০০ ফুট নিচে খাদে পড়ে যায়।
