নরসিংদী-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং
সরকার দলীয় এমপি সামসুদ্দিন আহমেদ এছহাকের মৃত্যুর পর নরসিংদী সদর-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পেতে আগ্রহী বিএনপি নেতাদের চলছে জোর লবিং ও গ্রুপিং। অন্যদিকে প্রধান বিরোধীদল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার পছন্দের লোকই দলের মনোনয়ন পাবে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, নাগরিক কমিটির মাধ্যমে আওয়ামী লীগ নীরব দলীয় সমর্থন দিবে বলে গুজব রয়েছে। সূত্রমতে, নরসিংদী জেলা সহ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ মতিন ভূইয়াসহ আরও অনেকে প্রার্থী হতে পারেন বলে জানা যায়।
মরহুম এছাকের জেষ্ঠ্য পূত্র হারুন অর রশিদ জানায়, আমার পিতা এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। গরীব-দুঃখী, কৃষক, শ্রমিক, দিনমজুরসহ আপামর জনসাধারণের সেবা করে গেছেন। তার উত্তরসূরী হিসেবে আমি আমার পিতার রাজনৈতিক কর্মজীবনকে ধরে রাখতে চাই। অপরদিকে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা তাদের নিজ নিজ কর্ম-কাণ্ডে ও রাজনৈতিক সমস্যার কথা উল্লেখ করে মনোনয়ন চাচ্ছেন। এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে পোষ্টার, লিফলেট ও আলাপ-আলোচনায় শহর সরগরম হয়ে উঠেছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ সামসুদ্দিন আহমেদ এছহাক এর মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
