২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মুগদায় নির্মিত হচ্ছে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

রাজধানীর মুগদায় নির্মিত হতে যাচ্ছে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস রোববার মুগদা মাছের আড়ত সংলগ্ন হাসপাতালের স্থান পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 05:01 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

আগামী তিনমাসের মধ্যে হাসপাতালের মূল ভবন নির্মাণের কাজ শুরু হবে এবং যথাসম্ভব দ্রুত এর কাজ শেষ করা হবে। ১৩তলা বিশিষ্ট হাসপাতালের নকশা প্রণয়ন করেছে স্থপত্য অধিদপ্তর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, হাসপাতালটি নির্মিত হলে মতিঝিল, খিলগাঁও সবুজবাগসহ ঢাকার পূর্বাঞ্চলের বিশাল জনগোষ্ঠি চিকিৎসার সুযোগ পাবে। এর ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের উপর চাপ কমবে।

এসময় গৃহায়ন ও গণপূর্ত সচিব ইকবালউদ্দিন চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আব্দুস সালাম ও স্থানীয় কমিশনারগন উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী শাহজাহানপুর রেলওয়ে কলোনির নির্মাণকাজ পরিদর্শন করেন। মন্ত্রী খিলগাঁও ফ্লাইওভারের ফুটপাত প্রশস্তকরণ এবং ফ্লাইওভার সংলগ্ন রেলওয়ের ফুটওভারটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।