২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম অস্ত্র মামলার চার্জ গঠন

চট্টগ্রামে আটক দশ ট্রাক অস্ত্র মামলার শুনানি শেষে শনিবার ৪৩ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মহানগর দায়রা জজ মোহাম্মদ আনোয়ার হোসেনের আদালতে এ চার্জ গঠন করা হয়।

চার্জ গঠনের দিন ১০ এপ্রিল ধার্য থাকলেও মামলার অন্যতম আসামী হাজী এয়াকুব আলীর সময় প্রার্থনা এবং ১৩ আসামীকে মামলা থেকে অব্যাহতি দানের আবেদনের প্রেক্ষিতে আদালত ২৩ এপ্রিল চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করেন।

শনিবার মামলার শুনানি শেষে আদালত মামলা থেকে ১৩ আসামীর অব্যাহতি দানের আবেদন নামঞ্জুর করেন।

চার্জ গঠন করা হলেও চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এ মামলার মূল হোতারা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। চার্জশিটভুক্ত প্রধান চার আসামী হাফিজুর রহমান হাফিজ, দীন মোহাম্মদ, আবুল কাশেম মধু ও হাজী আব্দুস সোবহান ওরফে সোবহান হাজীকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

চার্জশিটভুক্ত ৪৩ আসামীর মধ্যে এ পর্যন্ত ৩০ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে ১৪ জন জামিনে এবং ১৬ জন কারাগারে রয়েছে।

উল্লেখ্য, গত বছর ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী সংরক্ষিত সিইউএফএল জেটিতে খালাস করার সময় পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা ১০ ট্রাক অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ আটক করে।