২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত মান ভেঙ্গে এনজিভি সিলিন্ডার কিনছে আরপিজিসিএল

পেট্রোবাংলার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) নির্ধারিত স্ট্যান্ডার্ড ভেঙ্গে ন্যাচারাল গ্যাস ভেইক্যাল (এনজিভি) সিলিন্ডার কেনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 04:23 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

দরপত্রের প্রধান শর্ত ছিল সিলিন্ডার এনজেডএস ৪৫৪৫ বা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ বা আর্জেন্টিনার মানের হতে হবে।

একটি সরবরাহকারি প্রতিষ্ঠান শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কারিগরি মূল্যায়ন কমিটি তাদের প্রস্তাব বাতিল করে দেয়। কিন্তু আরপিজিসিএল বোর্ডের একজন প্রভাবশালী কর্মকর্তা করিগরি কমিটির রিপোর্টকে এই খাতের অনভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে মূল্যায়ন করিয়ে ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়ার ব্যবস্থা করেছেন।

অবশ্য কার্যাদেশে শর্ত দেয়া হয়েছে, তাদের সবরাহ করা সিলিন্ডারের মান এনজেডএস ৪৫৪৫ বা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ বা আর্জেন্টিনার মানের হতে হবে। কিন্তু কোম্পানি সেই শর্ত পূরণে রাজি হয়নি।

আলোচ্য কোম্পানিটি তাদের মূল প্রস্তাব অনুযায়ী এমএটিএসএ ব্রাজিল মানের সিলিন্ডার সরবরাহ করতে চায়।

দরপত্রে অপর একটি প্রতিষ্ঠানের প্রস্তাব ছিল এনজেডএস ৪৫৪৫ বা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ বা আর্জেন্টিনা মানের সিলিন্ডার এবং এর যন্ত্রাংশ সরবরাহ করার। কারিগরি কমিটি এর প্রস্তাব যোগ্য হিসেবে বিবেচনা করেছিল।

বোর্ডের সিদ্ধান্তে বাতিল হওয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে জ্বালানি প্রতিমন্ত্রীর নিকট দায়ের করা এক অভিযোগে বিষয়টি নিয়ে রিভিউ করার অনুরোধ জানানো হয়েছে। প্রতিমন্ত্রী অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী একটি কমিটি এখন তদন্ত করছে।

উল্লেখ্য, আরপিজিসিএল তার সিএনজি কনভারশন ওয়ার্কশপের জন্যে ৯০ লিটার ধারণ ক্ষমতার ২০০টি সিলিন্ডার কেনার জন্য দরপত্র আহ্বান করে।

সিএনজি ব্যবহারের নিরাপত্তার বিষয়টি সিলিন্ডারের মানের উপর নির্ভরশীল বলে এনজেডএস ৪৫৪৫ বা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ বা আর্জেন্টিনা মানের সিলিন্ডার কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। সিএনজি ট্যাক্সিক্যাবে নিুমানের সিলিন্ডার ব্যবহারের কারণে ঢাকায় ইতিমধ্যে একটি দূর্ঘটনাও ঘটেছে। এতে একজনের মৃত্যু ঘটে।