এশিয়ান-আফ্রিকান সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রী সোমবার রাতে জাকার্তা যাচ্ছেন
এশিয়ান-আফ্রিকান সম্মেলন ২০০৫-এ যোগদানের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান সোমবার রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। ২২ ও ২৩ এপ্রিল রাজধানী জাকার্তায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সোমবার তাঁর কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আফ্রিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার উদ্যোগকে কিভাবে অর্থবহ করা যায় এবং দু অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করা যায় সে সব বিষয়ে সম্মেলনে আলোচনা হবে।”
সম্মেলনে একটি ঘোষণাপত্র গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে নতুন এশিয়ান-আফ্রিকান কৌশলগত অংশীদারিত্ব পরিকল্পনা শীর্ষক একটি যুক্ত বিবৃতি গৃহীত হবে।
সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আর্থ-সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে।
এছাড়া দুর্যোগজনিত প্রভাব কমিয়ে আনতে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী। এ বিষয়ে তিনি জাতিসংঘের মহাসচিব কফি আনান ছাড়াও জাপান, চীন ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।
পঞ্চাশ বছর আগে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং-এ অনুষ্ঠিত এমন একটি এশিয়ান-আফ্রিকান সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়।
