নববর্ষ উপলক্ষ্যে শেখ হাসিনার বাণী
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার নববর্ষ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নববর্ষ উপলক্ষে দেওয়া বাণীতে শেখ হাসিনা বলেন, বাংলা নবনর্ষ বাঙালির প্রাণের উৎসব। নতুন ভোরের আলোকচ্ছটায় যা কিছু পুরাতন সব ঝেড়ে ফেলে নবতর জীবনের আহ্বানে আন্দোলিত করে।
১৪০৮ সালের নববর্ষে রমনা বটমূলের অনুষ্ঠানে বোমা হামলার নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, অত্যন্ত ক্ষোভের সাথে বলতে হচ্ছে আজ পর্যন্ত ওই বোমা হামলার বিচার হয়নি।
বাণীতে তিনি আরও বলেন, এবারের নববর্ষ আমাদের মাঝে উপস্থিত হয়েছে নবতর সংগ্রামের আহ্বান নিয়ে। পরিকল্পিত নির্যাতন, বাংলা সংস্কৃতির বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠির অপপ্রচার ও অবস্থান এবং সঙ্গীত, শিল্পকলা ও মননশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীর নানামুখী হুমকি আজ বাঙালির জাতিগত সংহতি ও সংস্কৃতির ঐক্যকে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে।
বাণীতে তিনি বাঙালি সংস্কৃতির হুমকির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে তীব্র সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
