টর্নেডো বিধ্বস্ত নেত্রকোণাবাসীর দুঃস্বপ্নের পহেলা বৈশাখ: বিধ্বস্ত গ্রামগুলোতে এক বছরেও স্থিতাবস্থা ফিরে আসেনি
এসেছে সেই ভয়াল পহেলা বৈশাখ। নেত্রকোণাবাসীর দুঃস্বপ্নের দিন। গত বছরের ১৪ এপ্রিল/১ বৈশাখ জেলাবাসী যখন নববর্ষের আনন্দে মেতেছিল ঠিক তখনই সন্ধ্যার পরপর মাত্র তিন মিনিটের প্রলয়ঙ্ককরী ঘূর্ণিঝড়ে ৩০/৩৫ টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। কেড়ে নেয় শতাধিক তরতাজা প্রাণ।
সেই দুঃসহ দিনের কথা মনে হলে আজও লোকজন আঁতকে ওঠে। স্বজন হারানোর ব্যথায় আত্মীয়দের চোখ কান্নায় ভিজে উঠে। দেখতে দেখতে এক বছর কেটে গেলেও ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে এখনও প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি। শত প্রতিকূলতার মধ্যেও এখনও চলছে তাদের বেঁচে থাকার নিরন্তর প্রচেষ্টা।
বুধবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এক বছর আগে বয়ে যাওয়া টর্নেডোর বহু ধ্বংসযজ্ঞের চিহ্ন এখনও গ্রামগুলোতে রয়ে গেছে। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কাঞ্চনপুর, গরদী, শাহপুর, বড়ওয়ারী, নিশ্চিন্তপুর গ্রামের লোকজনের সাথে কথা হয়। তারা সেই ভয়ংকর রাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, সন্ধ্যার পর পরই হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আগুনের লেলিহান শিখার মতো প্রলয়ঙ্করী ঝড় ছুটে আসে। সেসাথে ছিল আগুনের মতো গরম বাতাস। কোনও কিছু বুঝে উঠার আগেই মাত্র কয়েক মিনিটে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। ভাওয়াল বিলের পানি ২০/২৫ হাত ওপরে উঠে বাড়ি-ঘর ও ফসলের জমিতে আছড়ে পড়ে। এমনকি বিলের মাছ শুকনো জায়গায় পড়ে থাকতে দেখা যায়।
ঘূর্ণিঝড়ের পর সরকারি ও বেসরকারি সংগঠন দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে আসে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সংসদ বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বেসরকারি সংগঠন দুর্গতদের পাশে এসে দাঁড়ায়।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানায়, ঘূর্ণিঝড়ের পরপরই পর্যাপ্ত সাহায্য পাওয়া গেলেও কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারিভাবে গৃহনির্মাণের জন্য ঢেউটিনসহ যে পরিমাণ সাহায্য পাওয়া গেছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বন বিভাগ থেকে গাছ দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত কোনও গাছ পাওয়া যায়নি। তারপরও লোকজন থেমে নেই।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। কেউ চাষাবাদ করছে, কেউ রিকসা চালাচ্ছে, আবার কেউবা দিনমজুরি করছে। ঝড়ে বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠাগুলো পুনর্নিমাণ করা হয়নি। ছাত্রছাত্রীরা এখনও খোলা আকাশের নিচে ক্লাস করছে।
দিনমাস ঘুরে আবার সেই ১ বৈশাখ/১৪ এপ্রিল ফিরে আসায় এলাকাবাসীর মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। আবার যদি গত বছরের মতো তাদের সহায়-সম্বল কেড়ে নেয় এই আশঙ্কা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়াচ্ছে নেত্রকোণার সেই গ্রামগুলোর বাসিন্দাদের।
