২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ- চীন যৌথভাবে সন্ত্রাস ও বহুজাতিক অপরাধ মোকাবেলা করবে: যৌথ ইশতেহার

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ও চীন সন্ত্রাস দমন ও বহুজাতিক অপরাধ দমনের অঙ্গীকার করেছে। পাশাপাশি দেশ দুটি আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতা ও গোয়েন্দা বিনিময়ে ঐকমত্যে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

শুক্রবার এক যৌথ ইশতেহারে উভয় পক্ষই দু দেশের মধ্যে বহুমুখী ও বিভিন্ন পর্যায়ের বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একমত পোষণ করেছে। দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাণিজ্যিক ও অর্থনৈতিক কমিশনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও যৌথ ইশতেহারে বলা হয়।

ইশতেহারে বাংলাদেশ এক চীন নীতির প্রতি সমর্থনকে পুর্নব্যক্ত করে বলে, গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের একটি বৈধ সরকার। তাইওয়ান চীনের একটি অপরিহার্য অংশ। সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাইওয়ানের আঞ্চলিক ও আর্ন্তজাতিক সংস্থায় সদস্যপদ লাভের ব্যাপারটিকে বাংলাদেশ বিরোধিতা করে এবং চীনের শান্তিপূর্ণ একীভূতকরণ প্রক্রিয়াকে সমর্থণ করে।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র বাংলাদেশে দু দিনের সরকারি সফর শেষে এই যৌথ ইশতেহার প্রণয়ন করা হয়। শুক্রবার দুপুর ১ টা ১৭ মিনিটে জিয়াবাও বিশেষ বিমানে করে ঢাকা ত্যাগ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এ বছরই চীন সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত ও সুদৃঢ় করতে যৌথ ইশতেহারে সিনিয়র রাজনৈতিক নেতাদের মধ্যে সফর বিনিময়ের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, জাতীয় সংসদ, রাজনৈতিক দল, সামরিক বাহিনী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা পর্যায়ে দু দেশের মধ্যে বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচী ও তথ্য বিনিময়ের ওপর এক মত পোষণ করা হয়।

এছাড়া উভয় দেশই পারস্পরিক সুবিধা, যথার্থতা ও যৌক্তিকতার ভিত্তিতে অর্থনীতি, বাণিজ্য, কৃষি, বিনিয়োগ, পরিবহন, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের তাগীদ পোষণ করেন।

যৌথ ইশতেহারের ১৩ টি পয়েন্টেই দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আর্ন্তজাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকা ত্যাগের আগে জিয়াবাও শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ও পুস্পস্তবক অর্পন করেন। স্মৃতিসৌধে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এরপর চীনের প্রধানমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান। মাজার জিয়ারত শেষে তিনি রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ’র সাথে বঙ্গভবনে সাক্ষাত করেন।

এদিকে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা হোটেল সোনারগাঁও-এ সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র সাথে সাক্ষাত করেন।

বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী উদ্যোক্তারাও চীনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

হোটেল সোনারগাঁও-এ বাংলাদেশ ও চীনের মধ্যে কুটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত শুক্রবার একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।