রংপুরে পাট বীজের তীব্র সঙ্কট, উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা
রংপুর অঞ্চলে পাট বীজের অপ্রতুলতা এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পাট চাষীরা দিশেহারা হয়ে পড়েছে।
বীজ সংকটের কারণে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ সুযোগে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী নিুমানের ভারতীয় পাট বীজ চড়া দামে কৃষকদের কাছে বিক্রি করছে।
এখন পাট বোনার মৌসুম চলছে। কৃষকরা জমি থেকে আলু তোলার পর পাট বুনে থাকে। কিন্তু বিদ্যমান বীজ সংকটের কারণে মৌসুমের শুরুতেই কৃষকরা হতাশ হয়ে পড়েছে। এতদঞ্চলে চলতি মৌসুমে ১ লাখ ৬২ হাজার ২শ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অনেক কৃষকই পাট চাষে আগ্রহ হারিয়ে অন্য ফসল চাষের দিকে ঝুঁকে পড়েছে। ফলে লক্ষমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনাই বেশি।
পাট বীজ সাধারণত আগষ্ট মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ করা হয়ে থাকে। কিন্তু ২০০৪ সালে বন্যার কারণে পাট বীজের মারাত্মক ক্ষতি হওয়ায় ৪ হাজার মেট্রিক টন চাহিদার বিপরীতে রংপুর বিএডিসি বরাদ্দ পেয়েছে মাত্র ৩০ মেট্রিক টন বীজ।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সারা দেশে বিএডিসি মাত্র ১শ মেট্রিক টন পাট বীজ জোগাড় করতে সক্ষম হয়েছে। এর মধ্যে রংপুরেই বরাদ্দ এসেছে ৩০ মেঃ টন। বিএডিসি’র পাট বীজের মূল্য কেজি প্রতি ৩২ থেকে ৩৫ টাকা নির্ধারণ করা হলেও অত্র অঞ্চলের হাট-বাজারগুলোতে প্রতি কেজি পাট বীজ ২৮০ থেকে ৩০০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। সেই সাথে নিুমানের ভারতীয় বীজের ২ কেজির প্রতিটি প্যাকেট সাড়ে ৫’শ টাকা থেকে ৬’শ টাকায় বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপ করলে তারা জানান, প্রতিবছর দেশীয় পাট বীজের সঙ্কট থাকলেও তা ভারতীয় পাট বীজ দিয়ে পূরণ করা হতো। কিন্তু এ বছর বন্যার কারণে জমিতে পলি পড়ায় জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ কাজে লাগাতে জমিতে পাট বপন করার জন্য আগ থেকেই বীজ সংগ্রহ শুরু হয়েছে। যার কারণে প্রতি বছরের তুলনায় এ বছর সঙ্কট আরও তীব্র আকার ধারণ করেছে।
তারা আরও জানান, বীজ সঙ্কটের সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীরা নিজ দেশে বীজ সঙ্কটের অজুহাত দেখিয়ে আমদানীকারকদের কাছে ঠিকমত বীজ সরবরাহ করছে না। ফলে বীজের সঙ্কট তীব্র থেকে তীব্রতর হয়েছে।
