সাধারণের দুর্ভোগ লাঘবে ভূমি রেজিস্ট্রেশন আইন সংশোধন করা হয়েছে : আইন মন্ত্রী
ভূমি ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করে সরকার ভূমি রেজিস্ট্রেশন আইন সংশোধন করেছে। আগামী ১ জুলাই থেকে এই আইন কার্যকর হবে।
সোমবার রেজিস্ট্রেশন আইন ও ট্রান্সফার অব প্রপার্টি আইন সংশোধন এবং অর্থ ঋণ আদালত আইন বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইন মন্ত্রী ব্যরিষ্টার মওদুদ আহমেদ এ কথা বলেন। খবর, তথ্য বিবরনী’র।
সরকারের রাজস¦ বাড়ানো নয়, ভূমি বিক্রয় ও হস্তান্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
আইন মন্ত্রী রেজিস্ট্রেশন আইনের বিভিন্ন সংশোধনীর কথা সভায় তুলে ধরে বলেন জমিজমা বিক্রয়, হস্তান্তর অথবা বন্ধক রাখার ক্ষেত্রে আইনি জটিলতা নিরসন করা হয়েছে যার ফলে সাধারণ মানুষকে আর ভোগান্তিতে পড়তে হবে না। এতে করে ধীরে ধীরে মামলার জটও অনেক কমে যাবে।
তিনি বলেন, নতুন আইনে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ছবি সন্নিবেশিত করা হবে বিধায় জাল দলিল প্রস্তুতির প্রবণতাও কমে যাবে। নতুন নিয়ম অনুযায়ী বায়নার জন্যও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন ব্যাংকে সম্পত্তি বন্ধক রাখার সময় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করাতে ঋণ খেলাপী হওয়ার সং¯কৃতি লোপ পাবে।
মওদুদ বলেন, আইনের সফল বাস্তবায়নে মনিটরিং সেল গঠন করা হচ্ছে এবং নিয়মিত তদারকি করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। আইন সচিব আলাউদ্দিন সরদারসহ মন্ত্রণালয়ের এবং বিভিন্ন ব্যাংকের আইন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
