২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপিং এজেন্ট ট্রান্সমেরিটাইম ইন্টারন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

মংলা বন্দরে রক্ষিত খাদ্য মন্ত্রণালয়ের ১১৩ মেট্রিক টন চাল শিপিং এজেন্ট ট্রান্সমেরিটাইম ইন্টারন্যাশনাল কোম্পানি বন্দরের কিছু কর্মকর্তার সহায়তায় আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মংলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 04:18 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সূত্র জানায়, সরকার এর ফলে রাজস্বসহ ১২ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। ট্রান্সমেরিটাইম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ হোসেন দাবি করছেন, অবৈধ পন্থায় নয়- মন্ত্রণালয় থেকে আইনগতভাবে তারা মাল খালাসের অনুমতি পেয়েছে।

সরকার বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য ভারত থেকে ১৯৯৯ সালের ১৯ এপ্রিল ৮ হাজার ৩২৫ মেট্রিক টন চাল আমদানি করে। খাদ্য মন্ত্রণালয়ের মালবাহী জাহাজ ‘বিশ্ব কুমুদী’ মাত্র ২৯৪ মেট্রিক টন চাল গ্রহণ করে। বাকি ৭ হাজার ৩১ মেট্রিক টন চাল নিুমানের বলে তা গ্রহণ করা হয়নি। বন্দরের ৬ ও ৮ নং শেডে ওই চাল রাখা হয়।

সুত্র জানায়, ট্রান্সমেরিটাইম ইন্টারন্যাশনাল খাদ্য মন্ত্রণালয়কে না জানিয়ে বন্দরের শেড থেকে ১১৩ মেট্রিক টন চাল খালাস  করছে। আয়কর ও ভ্যাটসহ যার মূল্য দাঁড়ায় ৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৮৭০ টাকা। শেডের ভাড়া ৭ কোটি টাকার ওপরে।

কিন্তু ট্রান্সমেরিটাইম ইন্টারন্যাশনাল ওই টাকা পরিশোধ না করেই চাল ছাড়িয়ে নিচ্ছে। গত বছর ৩১ অক্টোবর কোম্পানি নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে ভাড়া মওকুফের আবেদন জানিয়ে চাল খালাসের অনুমতি প্রার্থনা করে। নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৭ নভেম্বর ভাড়া মওকুফ করে চাল খালাসের নির্দেশ দেয়। ওই কোম্পানি মাত্র ৪৫ দিনের ভাড়া বাবদ ৩০ লাখ টাকা দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে রহস্যজনকভাবে চাল খালাসের অনুমতি পায়।

সূত্র মতে, উচ্চ আদালতের রায় অনুযায়ী আমদানিকৃত চালের প্রকৃত মালিক হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। শিপিং এজেন্ট ট্রান্সমেরিটাইম ইন্টারন্যাশনাল খাদ্য মন্ত্রণালয়ের ক্রয়কৃত টাকা পরিশোধ করেই কেবল ওই চাল নিতে পারে।

খাদ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ট্রান্সমেরিটাইম মংলা বন্দরের কিছু কর্মকর্তার যোগসাজসে ওই চাল আত্মসাৎ করছে বলে অভিযোগ রয়েছে। বন্দরের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রশ্ন করেন, কিভাবে খাদ্য মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ট্রানজিট শেডের ৫ বছরের ভাড়া ফাঁকি দিয়ে মাত্র ৪৫ দিনের ভাড়া দেওয়ার আদেশ পাওয়া গেছে? এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছ থেকে একটি নির্দেশ  পেয়েছে বলে তারা জানায়। এ নির্দেশটির আইনগত বৈধতা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ট্রান্সমেরিটাইম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ হোসেন বলেন, দুর্নীতির কোন আশ্রয় নেওয়া হয়নি। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মাল খালাস করা হয়েছে।