২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহী বি চৌধুরী’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ও বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরীর বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনেছেন ঢাকার একজন চক্ষু বিশেষজ্ঞ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 04:22 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক প্রফেসর রফিকুর রহমান খান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

ডাঃ রফিকুর বলেন, মাহী তার পিতা রাষ্ট্রপতি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তার (চিকিৎসক) শ্যামলীস্থ ২ নম্বর রোডের ১২/২০ প্লটে ১২ কাঠা জমি মাস্তান বাহিনী দিয়ে জোরপূর্বক দখল করে।

তিনি বলেন ১৯৮৬ সালে তিনি এই জমির দু জন মালিক -আনোয়ার হোসেন ও কামরুল হোসেনের - কাছ থেকে ২৪ লাখ টাকায় ক্রয় করেন।

অর্থ ও সময়ের অভাবে তিনি ঐ জমিতে বাড়ি নির্মাণ করতে না পারায় জমিটি ফাকা ও পতিত পড়ে থাকে। জমিটির এক কোনে তিনি একটি ঘর তৈরি করেন যেখানে কেয়ারটেকার থাকতো। সেই অবস্থায় তিনি পেশাগত উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে যান।

তিনি অভিযোগ করেন তার অনুপস্থিতির সুযোগে গত ২০০৩ সালের ৫ জুলাই মাহী বি চৌধুরী ও তার ভাড়াটে মাস্তানরা প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ঘরটি ভাংচুর করে এবং কেয়ারটেকারকে মারধর করে।

মাহীর শ্বাশুড়ী ফায়জুন্নাহার বেগম ওই জমি নিয়ে একটি মামলা দায়ের করেছেন। এর বিপরীতে তারাও আদালতে পাল্টা মামলা দায়ের করে বলে তিনি জানান। এতে আদালত ঐ জমিতে না যাওয়ার জন্য ফায়জুন্নাহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এদিকে সম্প্রতি মাহী চৌধুরী অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে বলে ডা: রফিকুর জানান। এ কারণে তিনি বাধ্য হয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন (জিডি নং ১৭৩৭)।

তিনি বলেন, এ অবস্থায় আমি চরম আতংকে দিন যাপন করছি। এ ব্যাপারে আমি আমার ও পরিবারের সবার জীবনের নিরাপত্তা চাচ্ছি। 

এ ব্যাপারে মাহী বি চৌধুরীর প্রতিক্রিয়ার জন্য তার সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিকল্প ধারার মিডিয়া চীফ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাহী কর্মীসভা নিয়ে ব্যস্ত  আছেন।