মতলবে আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
জেলার মতলব দক্ষিণ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা ছালামত উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ইউনিয়নভিত্তিক দলনেতা ও দলনেত্রীদের এক স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা যায়, তাদের কাছ থেকে ১‘শ টাকা করে উৎকোচ আদায় করেছে এই কর্মকর্তা।
ঢাকা নৌ-পথের লঞ্চে গার্ড হিসেবে কর্মরত আনসারদের কাছ থেকে এ কর্মকর্তা ৫ হাজার টাকা উৎকোচ নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিডিপি সদস্য-সদস্যাদের কাছ থেকে পারিশ্রমিকের অংশ কেটে রাখার কথা শোনা গেছে। এমনকি বিভিন্ন পূজা মন্ডপে দায়িত্ব পালনকালে ভিডিপি সদস্যরা যে পারিশ্রমিক পায়, তার থেকে ভিডিপি কর্মকর্তা ছালামত উল্লাহ মাথাপিছু ১‘শ টাকা করে কেটে রেখেছে।
ভিডিপি প্রশিক্ষণার্থীদের কাছ থেকেও সম্মানী কেটে রাখার অভিযোগ রয়েছে। মতলব উপজেলার কালিপুর পাম্প হাউজ, উদুমদী পাম্প হাউজ, ডুবগী পাম্প হাউজে কর্মরত প্রতি আনসারের কাছ থেকে প্রতিমাসে ২‘শ টাকা করে কেটে রেখে দেয়।
জানা যায়, নতুন উৎকোচ পাবার আশায় লঞ্চে গার্ডের দায়িত্ব পালনকারী আনসারদের মেয়াদ শেষ না হতেই চাকুরি থেকে অব্যাহতি দেয়ার অভিনব কৌশল নেয় এই কর্মকর্তা। চাকুরি হারাবার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এসব দুর্নীতি ও অনিয়মের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আনসার ভিডিপি’র সদস্য-সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
