ক্রসফায়ারে সুইডেন আসলামের সহযোগী মঘা বাবু নিহত
পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে বুধবার শেষরাতে এক বন্দুকযুদ্ধে অভিযুক্ত সন্ত্রাসী মঘা বাবু ওরফে আব্দুস ছাত্তার নিহত হয়েছে।
সূত্র জানায়, অস্ত্র উদ্ধার এবং সহযোগীদের ধরার জন্য মঘা বাবুকে নিয়ে পুলিশ রাজধানীর গ্রীন রোড এলাকায় গেলে আত্মগোপন করে থাকা দুস্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে বন্দুক যুদ্ধ শুরু হয়। দু’পক্ষের গুলি বিনিময়ের সময় ক্রসফায়ারে মঘা বাবুর মৃত্যু হয়। এ সময় দু’জন পুলিশ সদস্যও আহত হয়।
গ্রীন সুপার মার্কেট থেকে চাঁদা আদায়ের সময় বুধবার বিকেলে মঘা বাবুকে গ্রেফতার করা হয় বলে সূত্র জানায়।
পুলিশ জানায়, মঘা বাবু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের সহযোগী এবং তার বিরুদ্ধে দু’টি হত্যা মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তেজগাও থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।
