রাজনৈতিক হামলাসমূহের পূর্ণ তদন্তে বাংলাদেশ ব্যর্থ হয়েছে : যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন হামলার পূর্ণ তদন্ত করতে ব্যর্থ হয়েছে।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়, বাংলাদেশে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলার ঘটনা রাজনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে । ‘সাপোর্টিং হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি: দি ইউএস রেকর্ড ২০০৪-০৫’ শীর্ষক প্রতিবেদনটি স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেসে সোমবার পেশ করে।
সাম্প্রতিক বিচার-বহির্ভূত হত্যার ঘটনা বৃদ্ধি, বেসরকারি সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মীদের হয়রানি ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ সরকারের মানবাধিকার সংক্রান্ত রেকর্ডকে আরো নাজুক করেছে। অপরাধ করে ক্রমাগত অব্যাহতি পাওয়ার পরিবেশ এবং বাংলাদেশে পুলিশের দুর্নীতি ও নির্যাতনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে সহিংসতা এখন একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। যার ফলে এখানে গনতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছ্।ে দীর্ঘসূত্রিতা, দুর্নীতি ও মামলা জটের কারণে বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সরকার স্বাধীন মত প্রকাশ, আন্দোলন, সমাবেশ, রাজনৈতিক কর্মকান্ড ও ধর্মীয় স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়ার অভিযোগে সংসদ বয়কট করেছিল, জুন মাস থেকে তারা আবার সংসদে ফিরে আসে।
নারী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ওপর সহিংসতা অব্যাহত রয়েছে বলে ওই মার্কিন প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে আহমদিয়া সম্প্রদায় সম্পর্কে বলা হয়, কতিপয় ধর্মীয় রাজনৈতিক সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে সরকার ওই স¤প্রদায়ের প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু গত বছরের শেষের দিকে আহমদিয়া সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, শিশু শ্রম ও শিশু শ্রমিকদের ওপর অত্যাচার ব্যাপকভাবে চলছে। বাংলাদেশ সরকারের প্রশংসা করে প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশু পাচার রোধে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধি, জনগণের মাঝে স্বচ্ছ্বতা ও জবাবদিহিতা বৃদ্ধি, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও গণতান্ত্রিক কৌশলের লক্ষ্য। আর এর জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সংস্কার, রাজনীতিতে শিক্ষিত জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ এবং পুলিশ ও সামরিক পেশার মানোন্নয়ন সংক্রান্ত সহযোগিতা করতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি হ্রাস, ধর্মীয় সহিষ্ণুতা বৃদ্ধি, নারীর বিরুদ্ধে সহিংসতা হ্রাস ও পাচার রোধসহ নারী, শিশু ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাকে উৎসাহিত করে।
প্রতিবেদনটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস জানান, প্রত্যেকটি দেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দক্ষিণ এশিয়ায় মানবাধিকার ও গনতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অবৈধভাবে আটক ও নির্যাতনের ঘটনা এই অঞ্চলে ব্যাপকভাবে ঘটতে থাকায় সরকারের ওপর জনগণের আস্থা কমছে। সাম্প্রদায়িকতার উত্থান, উগ্রবাদী ও বিদেশী সন্ত্রাসী চক্রের তৎপরতা বৃদ্ধির কারণে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
