চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫
জেলার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও হেলপারসহ ৪ জন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে ঢাকা থেকে ব্রাহ্মনবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক, হেলপারসহ ৩ জন মারা যান ও ১৫ জন গুরুতর আহত হন। এরপর চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতরা হলেন বাসের চালক দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র মো: জাকির হোসেন (২৭), একই উপজেলার হোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের পুত্র আলম (৩৫) ও অজ্ঞাতনামা ৩০/৩৫ বছরের দু যুবক।
দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
