২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা আকাশের নিচে ১২ হাজার মানুষ, মৃতের সংখ্যা ৫১

রোববারের প্রলয়ংকরী কালবৈশাখি ঝড়ে জেলার দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত উপজেলার প্রায় ১২ হাজার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ক্ষতিগ্রস্ত মোফাজ্জল (৪৮) বলেন, এখন আমাদের কোনো আশ্রয় নেই, খাদ্য নেই এবং নেই কোনো চিকিৎসার সুযোগ। কখন আবার ঝড় আসে, প্রতি মুহূর্তেই আমরা এমন আতঙ্কে ভুগছি।

ওই ঝড়ে গাইবান্ধা এবং রংপুর জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ তে।

চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে কালবৈশাখিতে আহতদের মধ্যে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গার সবুজ (১৭), সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের রূপনাহার (৭) এবং সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হালদিয়া গ্রামের কদ্দুস (৬০) মারা গেছে।

এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে আটজন মারা গেছে। তারা হলো, শামসুজ্জোহা (১২), শহিদুল (৪০), সরুবালা (৬০), সাকা (৩৫), সরবানু (৮০), মোমেনা (৩২), জান্নাতি (৬) এবং জেসমিন (১০)।

অন্যদিকে, দক্ষিণ সাহাবাজ গ্রামের একটি পুকুর থেকে সোমবার সন্ধ্যায় হাফিজার রহমান (৪৮) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কালবৈশাখিতে মারাত্মক আহত তিন শিশুসহ কমপক্ষে ১২ জনের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ক্ষতিগ্রস্তদের যে পরিমান ত্রাণ দেয়া হচ্ছে, তা জীবন ধারণ বা নতুন করে জীবন শুরু করার পক্ষে নগণ্য বলে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ অভিযোগ করে।

ঝড়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে নলডাঙ্গার রফিকুন্নেচ্ছা বলেন, আমাদের গ্রামে সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আমরা ঝড়ের হাত থেকে বাঁচলেও জানিনা এখন কীভাবে বাঁচব?

রোববারের কালবৈশাখিতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়ন এবং সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ১২ টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এছাড়াও রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত লোকজন অভিযোগ করেন, প্রশাসন এখনো ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং সম্পদের তালিকা তৈরি করেনি।

তবে ডেপুটি কমিশনার তপন চন্দ্র মজুমদার জানান তারা তালিকা তৈরি করছেন।

অন্যদিকে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রি বিতরণ করেন।