২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের বিবরণ জমা দিতে রাজস্ব কর্মকর্তাদের গড়িমসি

সম্পদের বিবরণ জমা দেওয়ার সরকারি আদেশ পালনে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা গড়িমসি করছে। এখন পর্যন্ত স্বল্প সংখ্যক কর্মকর্তা-কর্মচারী তাদের সম্পদের বিবরণ জমা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:16 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

আয়কর, অন্তঃশুল্ক, ভ্যাট ও কাষ্টমসসহ রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিবরণ জমা দেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর।

সূত্র জানায়, অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই আদেশের বাইরে থাকায় তারা সম্পদের বিবরণ জমা দান সংক্রান্ত সরকারি আদেশটি একপেশে মনে করছেন।

এ ব্যাপারে একজন সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সম্পদের বিবরণ জমা দেয়া কর্মকর্তাদের প্রকৃত সংখ্যা জানাতে অনীহা প্রকাশ করেন। তবে অন্য একটি সূত্র জানায় এখন পর্যন্ত স্বল্প সংখ্যক কর্মকর্তা তাদের বিবরণ জমা দিয়েছে।

জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডে ৩ হাজার ৪৩৪ জন কর্মকমর্তাসহ ১৩ হাজারেরও বেশি কর্মচারী রয়েছে।  

এনবিআর’র একজন কর্মকর্তা বলেন, “আমরা এনবিআর’র ৪৪ টি শাখায় সম্পদের বিবরণ জমা দেয়ার বিষয়টি জানিয়ে দিয়েছি। তবে বারবার মনে করিয়ে দেয়া সত্ত্বেও বিবরণ জমা দেয়ার গতি অত্যন্তু ধীর।”

তিনি বলেন, সরকারি চাকুরি আইন-১৯৭৯ অনুযায়ি একজন সরকারি চাকুরিজীবীকে প্রতি পাঁচ বছরে একবার সম্পদের বিবরণ জমা দিতে হয়।

এ ব্যাপারে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ দপ্তরের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যারা বিবরণ জমা দেয়নি তাদের বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এনবিআর ছাড়াও সদ্য বিলুপ্ত দুনীর্তি দমন ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের সম্পদের বিবরণ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।