২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় র‌্যাব প্রত্যাহার: গবাদিপশু লুঠ করে সন্ত্রাসীদের ভুরিভোজ, গুলি ফুটিয়ে উল্লাস

কুষ্টিয়া থেকে র‌্যাবের ক্যাম্প তুলে নেওয়ার পর সন্ত্রাসীরা সোমবার সকালে দৌলতপুরে অস্ত্রের মুখে কৃষকদের গবাদিপশু লুঠ করে উল্লাস করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রত্যক্ষদর্শী জানায়, সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে আয়োজন করে এক বিশাল ভুরিভোজের।তবে পুলিশ বলছে, তারা এ ব্যাপারে আদৌ অবহিত নয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই বিডিনিউজকে বলেন, ‘ আমি এ ব্যাপারে কিছুই জানি না।’

গত ১৬ মার্চ কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে র‌্যাবের দু’টি ক্যাম্প প্রত্যাহার করা হয়।

হঠাৎ করে র‌্যাবের ক্যাম্প গুটিয়ে নেওয়ার ফলে সন্ত্রাসের জনপদ হিসেবে চিহিৃত কুষ্টিয়ার জনমনে ভীতি ও আতংক বিরাজ করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খোদা বিডিনিউজকে জানান, প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সরকার দলীয় ফয়সল-ফামিদ বাহিনীর প্রায় ২৫ জন সশস্ত্র সদস্য রোববার সকালে কৃষক লতিফ, আতাহার, জমির, কেয়ামত ও ময়েজের ১৭টি ছাগল ও একটি গরু লুঠ করে। তারপর তারা প্রকাশ্যে গুলি ফুটিয়ে উল্লাস করতে করতে চলে যায়।

তিনি জানান, সন্ত্রাসীরা লুঠ করা গবাদিপশু জামালপুর গ্রামে নিয়ে জবাই করে ভুরিভোজের আয়োজন করে। এ সময় গ্রামের শত শত মানুষ তাদের উৎসব প্রত্যক্ষ করলেও ভয়ে কেউ কিছু বলেনি।

এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্থ কয়েকজন কৃষক জানান, কুষ্টিয়ায় র‌্যাব ক্যাম্প স্থাপনের পর এই বাহিনীর অধিকাংশ সদস্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায়।