ছাত্র-শিক্ষক আটকের ঘটনায় রোয়াংছড়িতে অচলাবস্থা, পরে অবসান
এক ছাত্র ও দুই শিক্ষককে থানায় আটকে রাখার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা শনিবার রাত থেকে জেলার রোয়াংছড়ি উপজেলা কমপ্লেক্স ও থানা ভবন ঘেরাও করে রাখে। উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার ১২ টায় জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়।
রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান অং শৈ মারমা বিডিনিউজকে জানান, শনিবার গনিত পরীক্ষায় নকল করার দায়ে রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নু থোয়াই প্র“ নামের এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। কেন্দ্র থেকে বেরিয়ে গেলে ইউএনও’র নির্দেশে তাকে আটক করা হয়।
তিনি জানান, এরপর ওই স্কুলের দু’জন শিক্ষককে ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন ইউএনও। কিন্তু শিক্ষক শ্যামল কুমার রুদ্র ও অজিত কুমার নাথ এতে অপারগতা প্রকাশ করেন। ইউএনও’র নির্দেশে তাদেরও আটক করা হয়।
ইউপি চেয়ারম্যান জানান, এ খবর ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদে শত শত জনতা রোয়াংছড়ি বাজার ও যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং উপজেলা কমপ্লেক্স ও থানা ভবন ঘেরাও করে রাখে। রোববার দুপুর পর্যন্ত রোয়াংছড়িতে কার্যত অঘোষিত হরতাল পালিত হয়। এ সময় সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ থাকে।
বান্দরবানের জেলা প্রশাসক শেখ আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজকে তিনি জানান, ক্ষুব্ধ জনতার সাথে আলোচনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। দোকানপাট ও যানবাহন চলাচল পুণরায় স্বাভাবিক হয়ে এসেছে।
