সাংবাদিকরা আমাকে বিব্রতকর অবস্থায় রেখেছে, বললেন প্রফেসর গালিব
আহলে হাদিস আন্দোলন নেতা ড. আসাদুল¬াহ আল গালিব শনিবার আদালতের কাঠগড়ায় দাড়িয়ে বিচারকের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে তাকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।
তিনি এই অপপ্রচারের হাত থেকে তাকে রক্ষা করার অনুরোধ জানিয়ে বিচারকের কাছে তিন দিনের বিশ্রামের অনুমতি প্রার্থনা করেন। তিনি আরো বলেন বিভিন্ন আদালতে হাজিরা দিতে দিতে “আমি ক্লান্ত হয়ে পড়েছি”।
পলাশবাড়ির যাত্রানুষ্ঠানে বোমা হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবীর অধ্যাপক গালিবকে শনিবার গাইবান্ধা ফৌজদারি আদালতে হাজিরা করা হলে তিনি বিচারক কিরণ চন্দ্র রায়ের উদ্দেশ্যে কথাগুলো বলেন।
গালিবসহ জামা’আতুল মুজাহিদীনের আটক ১৫ সদস্যকে দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত গালিবকে বিমর্ষ দেখাচ্ছিল। বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন এবং ৩ এপ্রিল মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। পরে তাকে জেল হাজত থেকে শনিবার বিকেলেই গোপালগঞ্জে প্রেরণ করা হয়।
গোপালগঞ্জে তার বিরুদ্ধে একটি হত্যা, ব্র্যাক অফিসে ডাকাতি ও বোমা হামলাসহ ৩টি মামলা রয়েছে।
এর মধ্যে গোপালগঞ্জের একটি মামলার রায়ে তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গালিবের বিরুদ্ধে সিরাজগঞ্জে ১টি, বগুড়ায় ২টি, গাইবান্ধায় ২টি, নওগাঁয় ২টি সহ মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের ব্র্যাক অফিসে বোমা হামলা মামলার অন্যতম আসামি হিসেবে তাকে ঢাকা জয়েন্ট ইন্টারোগেশন সেলে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে আবার ঢাকা থেকে গাইবান্ধা কারাগারে ফেরত আনা হয়।
