কুষ্টিয়ায় নিরাপত্তা চেয়ে একটি দৈনিকের সম্পাদকসহ সাংবাদিকদের স্মারকলিপি
কুষ্টিয়ার একটি দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিকসহ কর্মীগণ জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন।
রোববার দেওয়া এই স্মারকলিপিতে আশংকা প্রকাশ করা হয় হয়, মিথ্যা মামলা, হয়রানি ও নানা হুমকির মুখে শেষ পর্যন্ত দৈনিক ‘আন্দোলনের বাজার’ নামক পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট প্রায় ২০০ মানুষের জীবিকাও হুমকির মুখে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরীর কাছে এ অঞ্চলের জনপ্রিয় ওই পত্রিকার সম্পাদক, প্রকাশক মনজুর এহসান চৌধুরী এবং সাংবাদিকসহ ২৬ জন স্টাফের দেওয়া এ স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯২ সাল থেকে পত্রিকাটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর মুখোশ উম্মোচন করে চলেছে। এ কারণে পত্রিকাটি বার বার সন্ত্রাসী ও গডফাদারদের রোষানলে পড়েছে। একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করে সম্পাদকসহ সংশ্লিষ্টদের হয়রানী করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ৪ মার্চ সন্ধ্যায় ষড়যন্ত্রকারীদের হামলার শিকার হয় পত্রিকা সম্পাদকের পুত্র কুষ্টিয়া জেলা স্কুলের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ওয়াসিফ বারী চৌধুরী লেখন। সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যেতে ব্যর্থ হয়ে তাকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের হয়। কিন্তু ৪৮ ঘন্টার ( ৭মার্চ) মধ্যে তিন জন আসামী জামিনে মুক্তি পেয়ে আবারও অব্যাহতভাবে হুমকি দিচ্ছে।
