২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার দেশের ৯টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণার মধ্য দিয়ে বৃহস্পতিবার দেশের ৯টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 04:34 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে এবার ৯১৯৩০৮ জন পরীক্ষার্থী তাদের জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইংরেজি ১মপত্র পরীক্ষা। ২৮ দিনব্যাপী লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৭ এপ্রিল।

দেশের বাইরের কেন্দ্রসহ এবার মোট ১৭৪৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বাইরের কেন্দ্রসমূহ হচ্ছে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবধদাবি এবং বাহরাইন।

শিক্ষা মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ২১৯৫৬৭, রাজশাহী বোর্ডে ২০৬১৭৯, কুমিল্লা বোর্ডে ৮৭,০২১, চট্টগ্রাম বোর্ডে ৫৮৮০৮, যশোর বোর্ডে ১০৪২৫১, বরিশাল বোর্ডে ৫৪২১৯ এবং  সিলেট বোর্ডে ২৯৩৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১৫৯৯০১ জন এবং কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে ৩৬০৫৭ জন কারিগরী পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষা মন্ত্রনালয়ের সূত্রসমূহ জানিয়েছে, পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় প্রতিরোধ করতে গ্রহণ করা হয়েছে নতুন পদ্ধতি।

শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, বইয়ের পাতা ছিঁড়ে নেওয়ার পুরণো পন্থা ছাড়াও বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে তথ্য পাঠানো এবং ওএমআর ফর্ম এবং উত্তরপত্র পরিবর্তন করার মতো ঘটনার সাথে কিছু অসৎ শিক্ষক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, এবারে এমন কোনও ঘটনার সাথে কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে পরীক্ষা আইন, ১৯৮০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শিক্ষা মন্ত্রনালয় সুত্র জানায়, এবার ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়নি। তবে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের কর্মচারিদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্তি বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বিদ্যুৎ বিভ্রাট ও মশার আক্রমনে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছে।