২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ারে গণবাহিনীর নেতা রুহুল নিহত

গণবাহিনীর আঞ্চলিক নেতা সাত্তার ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার দু দিনের মধ্যেই কুষ্টিয়ার কুমারখালীতে রোববার ভোরে পুলিশ ও চরমপন্থিদের মধ্যে বন্দুকযুদ্ধে ‘ক্রসফায়ারে’ একই দলের নেতা রুহুল নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বন্দুকযুদ্ধে আহত হয়েছে এসআই হেমায়েত কবির ও কনস্টেবল আনোয়ার হোসেন।

গতকাল (রোববার) ভোর ৪টার দিকে কুমারখালীর চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর জিকে সাব ক্যানেলের স্লুইজ গেটের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থলে তল্ল¬াশি চালিয়ে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে কুমারখালী থানা পুলিশ উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া থেকে গণবাহিনী নেতা অপহরণকারী দলের সদস্য সাঁওতা ঢেঁকিপাড়ার জহুরুল ইসলামের ছেলে রুহুলকে গ্রেফতার করে।

তার দেওয়া তথ্যানুযায়ী তাকে নিয়ে গতকাল ভোর ৪টার দিকে তার দলের অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতারে বের হলে কাঞ্চনপুর জিকে সাব ক্যানেলে স্লুইজ গেটের পৌঁছা মাত্র সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর অতর্কিতে গুলি চালায়। পুলিশও চালায় পাল্টা গুলি।

আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলাকালে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে পড়ে চরমপন্থী নেতা রুহুল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ রুহুলকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, রুহুল জেলার একজন মোস্টওয়ান্টেড আসামি এবং তার বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা, অপহরণসহ ৫টি মামলা রয়েছে।

গত ৪মার্চ জেলার কুমারখালী উপজেলায় পুলিশ ও দু দলের চরমপন্থির মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে গণবাহিনীর আঞ্চলিক নেতা ছাত্তার নিহত হয়।

এ নিয়ে গত সাত মাসে কুষ্টিয়ায় র‌্যাবÑপুলিশ যৌথবাহিনীর হাতে বন্দুক যুদ্ধ ও ক্রসফায়ারে ৩৭ জন চরমপন্থি সন্ত্রাসী নিহত হল।