২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ শাহিদুর রহমানের অপসারণ অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট

হাইকোর্টের অতিরিক্ত বিচারক সৈয়দ শাহিদুর রহমানের অপসারণ অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রোববার আপিল করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হুসাইনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাকে এই আপিল করার অনুমতি প্রদান করেন।

এ্যাডভোকেট ইদ্রিসুর রহমান সোমবার জনস্বার্থে এই আপিল দায়ের করবেন।

আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ডঃ কামাল হোসেন এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

গত ২ মার্চ এ্যাডভোকেট ইদ্রিসুর রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জনস্বার্থে আপিল করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু ইদ্রিসুর রহমান ওই মামলার কোনও পক্ষ না হওয়ায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস তার আবেদন গ্রহণ করেনি।

পরে তিনি আপিল বিভাগের চেম্বার জজের আদালতে বিষয়টি উত্থাপন করেন। চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূণার্ঙ্গ বেঞ্চে পাঠান।

অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত বছর ২০ এপ্রিল রাষ্ট্রপতি এক অধ্যাদেশের মাধ্যমে সৈয়দ শাহিদুর রহমানকে অতিরিক্ত বিচরিকের পদ থেকে অপসারণ করেন।

শাহিদুর রহমান রাষ্ট্রপতির ওই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন। পরে শাহিদুর রহমানকে তার পদ থেকে বরখাস্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে হাইকোর্ট সরকারকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

আদালত এ বছর জানুয়ারিতে এক আদেশে শাহিদুর রহমানকে অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করেন।

ইতোমধ্যে শাহিদুর রহমান হাইকোর্টের একটি বেঞ্চে তাকে অন্তর্ভূক্ত করার আবেদন জানিয়েছেন প্রধান বিচারপতির কাছে।