২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোরাম সংকটের কারণে সংসদ অধিবেশন মুলতবি

কোরাম সংকটের কারণে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন সংক্ষিপ্ত সময়ের মধ্যেই মুলতবি করা হয়েছে। অধিবেশন ৭ মার্চ সোমবার বিকেল সাড়ে ৪টায় আবারও শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 02:48 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বৃহস্পতিবার নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এ সময় সংসদ কক্ষে মাত্র ৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

উপস্থিত সদস্যদের মধ্যে বিএনপি ও জামাত ছাড়াও জাতীয় পার্টির সংসদীয় গ্র“পের নেতা রওশন এরশাদ ও কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন।

স্পিকার কোরাম সংকটের মধ্যেই প্রশ্নোত্তর পর্বের নির্ধারিত এক ঘন্টা বৈঠক চালিয়ে যান। এর মধ্যে কোরাম পূরণ হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাগরিবের নামাজের বিরতির সময় স্পিকার আকস্মিকভাবে বৈঠক মূলতবি করেন।

চলতি অধিবেশনের প্রতিদিনই মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু করতে স্পিকারকে নির্ধারিত সময়ের থেকে প্রায় ২০ থেকে ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপরও অনেক সময় বৈঠকের কোরাম ছিল না। এ অবস্থায় সম্ভাব্য কোরাম সংকট এড়াতেই বৃহস্পতিবারের বৈঠক অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করা হয়।

বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের জন্য নির্ধারিত দিনে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও কার্যসূচিতে ছিল জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণী নোটিশের নিস্পত্তি, বেসরকারী সদস্যদের উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নিস্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা।