২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাব্যতা সংকটে ঢাকা শহরের চারদিকে নৌ-পথ শুকনা মৌসুমে বন্ধ হয়ে যাওয়ার আশংকা

ঢাকা শহরের চারদিকে নৌ-পথ শুকনা মৌসুমে কোন কাজে আসবে না বলে আশংকা করা হচ্ছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা ড্রেজিং এবং বাধ নির্মাণের নামে ৩৬ কোটি টাকার প্রকল্পের বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করায় তুরাগ নদীর নাব্যতা আশানুরূপ বৃদ্ধি পায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বৃহস্পতিবার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তারা বিডিনিউজকে বলেন, সদরঘাট থেকে আমিনবাজার পর্যন্ত সারাবছর নাব্যতা থাকতে পারে । কিন্তু আমিনবাজারের পর আশুলিয়া পর্যন্ত বর্তমান অবস্থায় কিছুতেই নৌ চলাচল করা সম্ভব হবে না। এই অবস্থায় শুকনা মৌসুমে তুরাগ নদীর নাব্যতা কিভাবে রক্ষা করবে?

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) মনোয়ার হোসেনকে প্রশ্ন করা হলে তিনি তুরাগ নদীর নাব্যতা সংকটের কথা স্বীকার করে বলেন,  পানি প্রবাহ বৃদ্ধি না করা গেলে এখানে নৌ-পথ চালু অব্যাহত রাখা কষ্টসাধ্য হবে। তার মতে, এ নৌপথ চালু অব্যাহত রাখতে হলে যমুনা নদী থেকে পানির প্রবাহ বৃদ্ধি করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ড্রেজিং এবং ড্রেজিংকৃত মাটি ফেলার জন্যে ২০ কোটি টাকার বেশি খরচ দেখানো হয়েছে। প্রকল্পের কিছু কর্মকর্তা জানান, এর মধ্যে দুই তৃতীয়াংশ টাকাই দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

কর্তৃপক্ষীয় সূত্রে জানা যায়, ২৯ দশমিক ৫ কিলোমিটার নৌ-পথে ১৬ লক্ষ ৫০ হাজার ঘন মিটার মাটি ড্রেজিং করা হযেছে। প্রতি ঘনমিটার ১২০ টাকা হারে যার আনুমানিক ব্যয় ১৯ কোটি ৮০ লক্ষ টাকা। এর মধ্যে ৫ লাখ ৪০ হাজার ঘন মিটার ড্রেজিং করা হয়েছে সদরঘাট থেকে মিরপুর পর্যন্ত। বাকী ১১ লাখ ১০ হাজার ঘনমিটার মিরপুর থেকে আশুলিয়া ব্রীজ পর্যন্ত। যার বেশিরভাগই তারা দেখিয়েছে তুরাগ নদীর ড্রেজিং হিসেবে।

বিআইডব্লিউটিএ’র বন্দর বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, যে পরিমানে ড্রেজিং কাগজে কলমে দেখানো হয়েছে, সত্যিকারভাবে তা করা হলে নাব্যতা সংকট থাকতো না।

ড্রেজিংয়ের কাজ তদারকির জন্যে নিয়োজিত সংশ্লিষ্ট বিভাগ দুর্নীতির আশ্রয় নিয়ে ভুল রিপোর্ট প্রদান করে থাকে বলে অভিযোগ পাওয়া যায়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেজিংকৃত মাটি ফেলার জন্যে ১০/১১টি বাধ (ডাইক) তৈরির নামে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সরজমিনকালে এ ধরণের কোন বাধ দেখা যায়নি। বরং ড্রেজিংকৃত মাটি বিক্রি করে প্রকল্পের কর্মকর্তারা টাকা আয় করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) মনোয়ার হোসেন বলেন, নদী ড্রেজিং এর জন্যে নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ কখনো কখনো পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বিভিন্ন সময়ে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।  কিন্তু তারপরও এ ধরণের ঘটনা অব্যাহতভাবে ঘটছে।