প্রধানমন্ত্রী-নৌ-পথ
প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার চারপাশ ঘিরে নৌ-পথ উদ্বোধন করেছেন। বুড়িগঙ্গার সদরঘাট এবং তুরাগ নদীর আশুলিয়া পর্যন্ত দীর্ঘ এই নৌ পথ।
বৃহস্পতিবার ঢাকার উপকন্ঠে আশুলিয়ায় এক অনুষ্ঠানে তিনি এই নৌ পথ উদ্বোধন করেন। বিআইডব্লিউটিএ নির্ধারিত সময়ের চারমাস আগে এই নৌ-পথ প্রকল্প বাস্তবায়ন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বহুমুখি যাতায়তের সুবিধা সৃষ্টি হবে বলে এই নৌ-পথ রাজধানীর যানজট নিরসনে সহায়ক হবে। মহানগর হিসেবে বিপুল জনসংখ্যার কারণে ঢাকা এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে।
তিনি বলেন, যানজট কমানোর জন্য ফ্লাইওভার ও নতুন সড়ক তৈরী করতে অনেক টাকা প্রয়োজন। আমরা এরই মধ্যে মহাখালি ফ্লাইওভার চালু করেছি। যাত্রাবাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত আরেকটি ফ্লাইওভারও শিগগিরই চালু হবে। কিন্তু এসব উদ্যোগ যথেষ্ট নয়। এই চিন্তা থেকেই আমরা সার্কুলার নৌ-পথ চালু করার বিষয়টি দ্রুত শেষ করেছি।
তিনি আরও বলেন, রাজধানীর মানুষের যাতায়াতের বিকল্প ব্যবস্থা হবে এই নৌ-পথ। এর ফলে যাত্রী ও পন্য পরিবহন আরও সহজ হবে। এই উদ্যোগ পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অনুকূল ভূমিকা রাখবে ।
প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে তুরাগ, শীতলক্ষ্যা,বালু নদী ও টঙ্গী খাল খনন করা হবে। টঙ্গীতে হবে একটি নৌ বন্দর। ল্যান্ডিং স্টেশনসহ প্রয়োজন অনুযায়ী বাস স্টপেজ স্থাপন করা হবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা ও নারায়নগঞ্জে যাত্রী ও পন্য পরিবহনে সড়ক পথের ওপর চাপ কমবে।
তিনি বলেন, তবে শুধু নৌ-পথ চালু করলেই হবে না। একে চালু রাখতে নিয়মিত খনন ও পুনর্খনন নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে নদী দূষণ ও নদী দখল।
আয়োজনে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, যোগযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল(অব.) আকবর হোসেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
