২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির সামরিক প্রধান আতাউর রহমান সানির বিরুদ্ধে ১৯টি মামলায় ১১৬ দিনের রিমান্ড

জেএমবির সামরিক প্রধান আতাউর রহমান সানিকে বৃহস্পতিবার ১৯টি অস্ত্র ও বিস্ফোরক মামলায় ১১৬ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এছাড়া একই দিন নিষিদ্ধ হরকাতুল জেহাদ আল ইসলামী, বাংলাদেশ’র (হুজি--বি) প্রধান মুফতি মোহাম্মদ আবদুল হান্নান এবং শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালকে পাঁচ দিন করে এবং জেএমবি’র অর্থ বিষয়ক সম্পাদক ফরিদউদ্দিন স্বপনকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সানিকে সবুজবাগ থানার অস্ত্র ও বিস্ফোরক আইনের দুই মামলায় কয়েক দফা রিমান্ড শেষে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত ১৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

র‌্যাব ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে বেশ কয়েকজন মহানগর হাকিম তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন।

সানিকে এসব মামলায় পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।

রিমান্ড মঞ্জুরের পর প্রথমদিন বৃহস্পতিবার সবুজবাগ থানার অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে সানিকে র‌্যাব--৩ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহস্রাধিক সদস্য ১৪ ডিসেম্বর ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের আব্দুল লতিফ ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সানিকে গ্রেপ্তারের পর তার কাছে পাওয়া যায় বিভিন্ন মোবাইল কোম্পানির আটটি সিম এবং ৪৪ হাজার ৯৮২ টাকা।

তার স্বীকারোক্তি অনুযায়ী সানির উত্তর মান্ডার আস্তানা থেকে ২৭টি গ্রেনেড, ২৪টি দেশি পিস্তল, ৩০ কেজি গান পাউডার, দুই কেজি এলুমিনিয়াম পাউডার, ৩৪াট পাওয়ার জেল, ১৯টি ওয়াটার জেল, ২০ কেজি এলুমিনিয়াম নাইট্রেট, ৫০টি ইলেক্ট্রনিক ডেটোনেটর, ৩০ কেজি লিড এজাইট, ১০ কোটি লিড সিকোনেট, ২০ কোটি ট্রিকনেট, গুলি তৈরির ডাইস, শতাধিক গুলি, বোমা তৈরির ২০টি সার্কিট, ৫০টি পেন্সিল ব্যাটারি এবং জেহাদী অনুপ্রেরণামূলক প্রচুর বই উদ্ধার করে র‌্যাব।

বিভিন্ন দফায় ৮৪ দিন রিমান্ড শেষে হুজি--বি নেতা আবদুল হান্নান ও শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালকে রমনা থানার একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্যে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।

এদিকে তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আবদুল আউয়ালের বাংলা, ইংরেজি ও অংক হাতের লেখার নমুনা নেয়া হয়েেেছ।