শেরপুর জেলার মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী স্থানগুলো নিশ্চিহ্ন হওয়ার পথে
শেরপুরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হারিয়ে যেতে বসেছে।
জেলার বিভিন্ন স্থানে গণহত্যা, বধ্যভূমি বা পাকিস্তানী হানাদার বাহিনীর নৃশংসতার স্বাক্ষর বহনকারী স্থানগুলো চিহ্নিত করা বা সংরক্ষণ করার কোনো উদ্যোগ স্বাধীনতার ৩৪ বছরেও গ্রহণ করা হয়নি।
১৯৭১ সালের ২৬ এপ্রিল পাক হানাদার বাহিনী শেরপুর শহর ও উপজেলা দখল করে নেয়। তারা শহরের জমিদার বাড়ি, ঝিনাইগাতী উপজেলার আহমদনগর, কোয়ারী রোড, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়, নকশী, তাওয়াকুচাসহ বিভিন্ন উপজেলা এবং গ্রামে ক্যাম্প স্থাপন করে।
দীর্ঘ নয় মাস হানাদার বাহিনী এসব ক্যাম্পে গণহত্যা এবং নিরীহ মানুষের উপর অমানবিক নির্যাতন চালায়। মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলে কত লোক শহীদ হয়েছিলেন তার নির্দিষ্ট কোনো হিসাব নেই।
শহীদদের নামের তালিকা সংগৃহীত হয়নি। সরকারিভাবে শহীদদের পরিবারের কোন খোঁজ-খবর নেয়া হয়নি।
মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ক্ষোভের সাথে জানান, পাক বাহিনী ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। সেখানে রয়েছে অনেক গণকবর। ওইসব এলাকাতেও কোনো স্মৃতি চিহ্ন স্থাপন করা হয়নি।
সম্প্রতি ঝিনাইগাতী সীমান্তবর্তী গারো পাহাড়ের চূড়ায় স্বাধীনতা স্তম্ভের স্মৃতিফলক উদ্বোধন করা হয়। স্মৃতিস্তম্ভের গায়ে বাস্তবায়নকারী ও উদ্বোধনকারীর নাম লেখা থাকলেও জেলার ১১ জন শহীদের নাম লেখা নেই। এই নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
