পরীক্ষায় নকল ধরিয়ে দেওয়ায় হত্যা করা হয় পল্লবীর স্কুলছাত্র আলভীকে, গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি
পরীক্ষায় নকল করার সময় ধরিয়ে দেওয়ায় পল্লবী এমডিসি মডেল ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণীর ছাত্র আজমাইল হোসেন আলভীকে হত্যা করা হয়।
চলতি বছরের ৩০ আগস্ট একই স্কুলের দশম ছাত্র সাঈদী ও তার বন্ধু নোমান, আরমান ও মাসুম তাকে স্থানীয় বঙ্গবন্ধু কলেজের পেছনে শ্বাসরোধ করে হত্যা করে।
মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হত্যার পরিকল্পনাকারী সাঈদীর বন্ধু নোমান আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা জানায়।
নোমানকে পুলিশ ২২ ডিসেম্বর পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশ রিমান্ডে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ২৬ ডিসেম্বর মূল পরিকল্পনাকারী সাঈদীকেও গ্রেপ্তার করে। তাকেও পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আদালতে দেওয়া জবানবন্দিতে নোমান জানায়, আলভী মে মাসে স্কুলের প্রথম সাময়িক পরীক্ষায় নকল করার সময় দশম শ্রেণীর সাঈদীকে কর্তব্যরত শিক্ষকের কাছে ধরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে আলভীকে হত্যার পরিকল্পনা করে।
সে জানায়, পরিকল্পনা অনুযায়ী তারা আলভীকে চকলেট, খেলনা ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী কিনে দেয়। পরে তাকে বঙ্গবন্ধু কলেজের পেছনে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
