কৃষি শ্রমিকের জন্যে পূর্ণাঙ্গ আইন ও কৃষিনীতি প্রণয়নের দাবি
আগামী জাতীয় নির্বাচনে সকল দলের ইশতেহারে কৃষি শ্রমিকের জন্যে পূর্ণাঙ্গ আইন ও কৃষিনীতি প্রণয়নের প্রতিশ্র“তি থাকতে হবে।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার কর্মজীবী নারী আয়োজিত ‘কৃষি শ্রমিকের আইনগত অধিকার ’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
কর্মজীবী নারীর সভাপতি শিরীন আক্তারের সভাপতিত্বে এ সেমিনারে কৃষক ও ক্ষেতমজুর সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শিরিন আক্তার বলেন, নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, কৃষকের অধিকার কোনও রাজনৈতিক সমস্যা নয়। তাই দলমত নির্বিশেষে সকলের উচিত কৃষকদের আইনগত অধিকার, বাঁচার মত ন্যূনতম মজুরি ও কৃষিক্ষেত্রে নারী--পুরুষের সমকাজে সমমজুরি দেওয়ায় সমন্বিত কার্যক্রম গ্রহণ করা।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, উন্নয়ন সমুন্বয়ের চেয়ারম্যান অর্থনীতিবিদ আতিউর রহমান। কর্মজীবী নারীর পরিচালক অলক সরকার, ক্ষেতমজুর সমিতির সভাপতি সামসুজ্জামান সেলিম, জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, বাংলাদেশ কৃষাণী সভার সভাপতি সেলিনা আখতার প্রমুখ।
আতিউর রহমান বলেন, রাষ্ট্রীয় নীতিমালায় কৃষি ও কৃষি শ্রমিকদের অবহেলা করার কারণে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে কৃষির অবদান আজ ক্রমহ্রাসমান।
তিনি কৃষির উন্নয়নের জন্যে কৃষি সংস্কার কর্মসূচি প্রণয়নের আহবান জানান।
তিনি বলেন, আজ বিশ্বায়নের যুগে কৃষি কেবল কৃষির যায়গায় নেই, এটি শিল্প ও সেবাখাতের সঙ্গে জড়িয়ে গেছে। এই বাস্তবতায় কৃষি শ্রমিকদের জন্যে দ্রুত আইন প্রণয়নের বিকল্প নেই।
