সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৫
সাভারের ঢাকা আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মহাসড়কের সাভার পিএটিসির সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়া থেকে সাভারের উদ্দেশে ছেড়ে আসা আনন্দ সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস আরোহীসহ অন্ততপক্ষে ১৫ জন আহত হয়। দূর্ঘটনায় বাস ও ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের সাভারের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রায় একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসটির কয়েকজন যাত্রী সামান্য আহত হয়।
দূর্ঘটনার কারণে ঢাকা--আরিচা মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশ জানায়।
